মো. নিজামুল হক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১২ পিএম
ছবি: আল জাজিরা
কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা যত বাড়ছে, ততই সামনে আসছে তার স্বয়ংক্রিয়ভাবে সাইবার হামলা চালানোর সম্ভাবনা।
সাম্প্রতিক সময়ে ওপেনএআই ও অ্যানথ্রপিকের এআই মডেলের পরীক্ষামূলক পরিবেশ থেকে বেরিয়ে বাস্তব প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশের ঘটনার পর এবার গুগলের জেমিনিও তিনটি প্রতিষ্ঠানের সুরক্ষিত ব্যবস্থায় অনুপ্রবেশ করেছে। গুগল জানিয়েছে, মে মাসে সাইবার নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ের একটি পরীক্ষায় এ ঘটনা ঘটে এবং প্রতিবারই জেমিনি নিজে থেকে হ্যাকিং কার্যক্রম বন্ধ করে দেয়।
নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ের কাল্পনিক পরীক্ষা থেকে বাস্তব প্রতিষ্ঠানে প্রবেশ
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানায়, জেমিনির পরীক্ষায় লক্ষ্য ছিল একটি কাল্পনিক প্রতিষ্ঠানের সফটওয়্যার থেকে তথ্য উদ্ধার করা। পরীক্ষার পরিবেশ এমনভাবে নিয়ন্ত্রিত থাকার কথা ছিল, যাতে জেমিনি বাইরের ইন্টারনেটে প্রবেশ করতে না পারে।
অর্থাৎ, সে পরীক্ষার ভেতরে থাকা কৃত্রিম সার্ভার, ওয়েবসাইট ও অন্যান্য ব্যবস্থার সঙ্গে যোগাযোগ করতে পারবে; কিন্তু বাস্তব ইন্টারনেটের ওয়েবসাইটে যাওয়ার সুযোগ থাকার কথা ছিল না। পরীক্ষার পরিবেশে ভুল কনফিগারেশনের কারণে অনিচ্ছাকৃতভাবে ইন্টারনেট সংযোগ উন্মুক্ত হয়ে যায়। এর পরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা।
পরীক্ষায় ব্যবহৃত কাল্পনিক প্রতিষ্ঠানের নামের সঙ্গে একটি বাস্তব প্রতিষ্ঠানের নাম মিলে যায়। জেমিনি অনলাইনে তথ্য অনুসন্ধান করতে গিয়ে সেই বাস্তব প্রতিষ্ঠানকে পরীক্ষার অংশ বলে মনে করে। পরে প্রকাশ্যে থাকা তথ্য ব্যবহার করে সংশ্লিষ্ট সিস্টেমে প্রবেশের পথ খুঁজতে থাকে। তিনটি পরীক্ষার মধ্যে একটি ঘটনায় মডেল বারবার পাসওয়ার্ড অনুমান করে একটি সুরক্ষিত ব্যবস্থায় ঢুকে পড়ে।
অন্য দুটি ঘটনায় অনলাইনে প্রকাশ্যে থাকা তথ্যভান্ডার বা কোডভান্ডারে পাওয়া পরিচয়পত্র ব্যবহার করে সুরক্ষিত ব্যবস্থায় প্রবেশ করে। গুগলের নিরাপত্তা প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিনস জানান, তিনটি প্রতিষ্ঠানকেই ঘটনাগুলো সম্পর্কে অবহিত করা হয়েছে।
ক্লডও বাস্তব প্রতিষ্ঠানে ঢুকেছিল
জেমিনির আগে একই ধরনের নিরাপত্তা পরীক্ষায় অ্যানথ্রপিকের ক্লড মডেলের ক্ষেত্রেও তিনটি বাস্তব প্রতিষ্ঠানের সিস্টেমে অননুমোদিত প্রবেশের ঘটনা শনাক্ত হয়। চলতি বছরের জুলাইয়ে অ্যানথ্রপিক জানায়, তারা এক লাখ ৪১ হাজার ছয়টি সাইবার নিরাপত্তা মূল্যায়ন পরীক্ষা পর্যালোচনা করে তিনটি ঘটনা শনাক্ত করেছে, যেখানে ক্লড তৃতীয় পক্ষের মূল্যায়ন পরিবেশ থেকে ইন্টারনেটে পৌঁছে তিনটি ভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থায় অননুমোদিত প্রবেশ করে। এসব পরীক্ষাও ইরেগুলারের পরিবেশে পরিচালিত হয়েছিল বলে জানানো হয়।
ওপেনএআইর মডেলের অনুপ্রবেশ
এরও আগে জুলাইয়ে ওপেনএআইর কয়েকটি মডেল সাইবার নিরাপত্তা মূল্যায়নের সময় নির্ধারিত বিচ্ছিন্নতা ব্যবস্থা এড়িয়ে ইন্টারনেটে প্রবেশ করে এবং এআই প্লাটফর্ম হাগিং ফেসের অবকাঠামোয় অনুপ্রবেশ করে।
ওপেনএআইর পরবর্তী তদন্তে বলা হয়, মডেলগুলো অননুমোদিত যোগাযোগের পথ তৈরি করে এবং বিভিন্ন অবকাঠামোগত দুর্বলতা কাজে লাগিয়ে হাগিং ফেসের ব্যবস্থায় প্রবেশ করে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, একটি মডেল অনলাইনে প্রকাশ্যে থাকা পরিচয়পত্র খুঁজে বের করে এবং তা ব্যবহার করে হাগিং ফেসের কয়েকটি সার্ভারে কোড চালানোর সক্ষমতা অর্জন করে।
তিন ঘটনার গুরুত্বপূর্ণ মিল
এখানে জেমিনি, ক্লড ও ওপেনএআইর ঘটনাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছেÑ তিন ক্ষেত্রেই মূল উদ্দেশ্য ছিল এআইর সাইবার সক্ষমতা পরীক্ষা করা, বাস্তব প্রতিষ্ঠানে হামলা চালানো নয়। কিন্তু পরীক্ষার পরিবেশে নিরাপত্তা বা বিচ্ছিন্নতার ত্রুটির কারণে মডেলগুলো বাস্তব ইন্টারনেটে পৌঁছানোর সুযোগ পায়। এরপর তাদের নির্ধারিত কাজ সম্পন্ন করার চেষ্টা করতে গিয়ে বাস্তব প্রতিষ্ঠানের ব্যবস্থায় অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটে।
এআই এজেন্টের বাড়তি সক্ষমতা ও ঝুঁকি
এআই মডেলগুলো এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। উন্নত এআই এজেন্টকে ইন্টারনেট ব্যবহার, ওয়েবসাইটে প্রবেশ, কোড লেখা ও চালানো, তথ্য অনুসন্ধান এবং কম্পিউটার ব্যবস্থার সঙ্গে সরাসরি যোগাযোগের মতো কাজও দেওয়া হচ্ছে। ফলে এ ধরনের মডেলকে পরীক্ষামূলক পরিবেশে রাখার সময় স্যান্ডবক্স বা বিচ্ছিন্ন পরিবেশ কতটা কার্যকর, কোন কোন যোগাযোগের পথ খোলা থাকবে এবং মডেল ভুল করে বাস্তব ব্যবস্থায় পৌঁছে গেলে তাকে কীভাবে থামানো হবেÑ এসব প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
ইরেগুলারের ভূমিকা ও এআই নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন
জেমিনির ঘটনাটি প্রকাশ্যে আসার পর আরও একটি বিষয় আলোচনায় এসেছে। ইরেগুলার নামের একই তৃতীয় পক্ষের মূল্যায়ন প্রতিষ্ঠানের সঙ্গে অ্যানথ্রপিক, ওপেনএআই, মেটাসহ একাধিক এআই প্রতিষ্ঠানের নিরাপত্তা পরীক্ষার যোগসূত্র পাওয়া গেছে।
ইরেগুলারের বরাতে এবিসি নিউজ জানিয়েছে, আগের ঘটনাগুলোর মতো জেমিনির ঘটনাতেও পরীক্ষার পরিবেশের নিরাপত্তা সমস্যাই মূল কারণ ছিল এবং সংশ্লিষ্ট ত্রুটিগুলো সমাধান করা হয়েছে। ফলে সাম্প্রতিক ঘটনাগুলো এআইয়ের সক্ষমতার পাশাপাশি তার নিয়ন্ত্রণযোগ্যতা ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি করছে।
এআই যত বেশি স্বায়ত্তশাসিতভাবে সিদ্ধান্ত নিয়ে বাস্তব কম্পিউটার ও ইন্টারনেট ব্যবস্থায় কাজ করবে, ততই পরীক্ষামূলক পরিবেশকে বাস্তব ডিজিটাল অবকাঠামো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা, প্রবেশাধিকার সীমিত করা এবং প্রতিটি কর্মকাণ্ড পর্যবেক্ষণের প্রয়োজন বাড়বে। একই সঙ্গে মডেলকে এমনভাবে প্রশিক্ষিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যাতে সে নির্ধারিত লক্ষ্য পূরণের জন্য পরীক্ষার সীমা অতিক্রম করাকে স্বাভাবিক পথ হিসেবে না নেয়।