বিদ্যুৎ বিভ্রাটেও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ ও সেবা নিশ্চিত করতে বাজারে তিনটি নতুন মডেলের ‘ডব্লিউজিপি মিনি ইউপিএস’ নিয়ে এসেছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কম্পিউটার সলিউশনস ইনক (সিএসআই)। একই সঙ্গে প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব অন্যান্য ব্র্যান্ডের বেশ কিছু নতুন পণ্যও বাজারে উন্মোচন করেছে।
সম্প্রতি মুন্সিগঞ্জের একটি রিসোর্টে জমকালো আয়োজনে নতুন মডেলের এই মিনি ইউপিএসগুলো উন্মোচন করা হয়। ‘লোডশেডিং নো মোর, ডব্লিউজিপি মানেই নিরবচ্ছিন্ন কানেকশন’—এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা প্রতিষ্ঠানটির অনুমোদিত পরিবেশক (ডিলার) ও প্রতিনিধিরা অংশ নেন।
সিএসআইয়ের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএএ কম্পিউটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মেজর জাভেদ, ডব্লিউজিপির জেনারেল ম্যানেজার বব ইউ এবং সিএসআইয়ের ফরেন ডিরেক্টর টনি।
অনুষ্ঠানে মোহাম্মদ আবুল হাসান প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসায়িক সম্প্রসারণের রূপরেখা তুলে ধরে বলেন, “ডিলাররাই আমাদের প্রতিষ্ঠানের মূল প্রাণশক্তি। তাদের অক্লান্ত পরিশ্রম, গ্রাহকদের আস্থা ও ভালোবাসার ফলেই সিএসআই আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছে।” অনুষ্ঠানে পরিবেশকেরাও প্রতিষ্ঠানটির সঙ্গে তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
সম্মেলনে ক্রেতা ও ডিলারদের জন্য আকর্ষণীয় অফারের ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, শর্তসাপেক্ষে সিএসআইয়ের পণ্য ক্রয়ে থাকছে চীন সফরের সুযোগ। এ ছাড়া বছরজুড়ে প্রতিষ্ঠানটির নিজস্ব ব্র্যান্ড ‘পিসি পাওয়ার’সহ অন্যান্য পণ্য কেনাকাটায় থাকছে স্ক্র্যাচ কার্ড ও নিশ্চিত উপহার।
সিএসআইয়ের ২৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে কেক কাটা হয় এবং অতিথিদের হাতে সম্মাননা উপহার তুলে দেওয়া হয়। পরে সংগীতশিল্পী সাফিকা নাসরিন মিমির সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।