× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধারণার চেয়েও দ্রুত সংকুচিত হচ্ছে বুধ গ্রহ

এপি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৪ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৫ পিএম

সৌরজগতের প্রথম গ্রহ বুধ। ছবি: এপি

সৌরজগতের প্রথম গ্রহ বুধ। ছবি: এপি

সূর্যের তাপে আঙুর শুকিয়ে যেমন কুঁচকে কিশমিশে পরিণত হয়, মহাকাশে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধের দশাও হয়েছে অনেকটা তেমনই। বিজ্ঞানীদের পূর্বধারণার চেয়েও অনেক বেশি দ্রুতগতিতে সংকুচিত হচ্ছে গ্রহটি। নতুন এক গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

জার্মান অ্যারোস্পেস সেন্টারের ইনস্টিটিউট অব স্পেস রিসার্চের বিজ্ঞানীরা এক প্রতিবেদনে জানিয়েছেন, বুধ গ্রহ বিজ্ঞানীদের আগের ধারণার চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি সংকুচিত হতে পারে। এর ফলে গ্রহটির ব্যাস প্রায় ২৩ কিলোমিটার (১৪ মাইল) কমে গিয়ে থাকতে পারে। মাত্র ৪ হাজার ৯০০ কিলোমিটার (৩ হাজার মাইল) ব্যাসের একটি ক্ষুদ্র গ্রহের ক্ষেত্রে এই সংকোচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিজ্ঞান সাময়িকী জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স-এ প্রকাশিত এ গবেষণায় বলা হয়, উল্কাপাতের আঘাতে সৃষ্ট বিশালাকার গর্ত এবং সেখানকার ধ্বংসাবশেষের কারণে বুধের রুক্ষ পৃষ্ঠতল ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। এর ফলে গ্রহটি কতটা সংকুচিত হয়েছে, তার প্রকৃত মাত্রা এতদিন বিজ্ঞানীদের চোখের আড়ালেই ছিল।

এমন এক সময়ে গবেষণার এই তথ্য সামনে এল, যার ঠিক এক সপ্তাহ আগেই ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশযান ‘বেপিকলম্বো’ সফলভাবে বুধের অভিমুখে রওনা হয়েছে। জোড়া এই মহাকাশযান আগামী নভেম্বর নাগাদ বুধের কক্ষপথে প্রবেশ করবে এবং পরে বিস্তারিত অনুসন্ধানের জন্য আলাদা হয়ে যাবে।

এই গবেষণার প্রধান গবেষক ও মহাকাশ অভিযানের অন্যতম সদস্য গাকু নিশিয়ামা বলেন, বুধের অভ্যন্তর শীতল হয়ে যাওয়ার কারণেই এই সংকোচন ঘটছে। ‘বেপিকলম্বো’ মহাকাশযানে থাকা লেজার যন্ত্রের সাহায্যে নিশ্চিত হওয়া যাবে যে অভ্যন্তরীণ শীতলীকরণের প্রভাবে গ্রহটি ঠিক কতটা কুঁচকে বা শুকিয়ে যাচ্ছে।

গবেষক নিশিয়ামা আরও উল্লেখ করেন, ২০১০-এর দশকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘মেসেনজার’ মহাকাশযানের পাঠানো তথ্যের ভিত্তিতে তাঁরা যে হিসাব করেছেন, গ্রহটির সংকোচনের মাত্রা তার চেয়েও বেশি হতে পারে।

সৌরজগতের প্রথম এই গ্রহটিতে এর আগে মাত্র দুটি মহাকাশযান পাঠানো সম্ভব হয়েছে—১৯৭০-এর দশকে নাসার ‘মেরিনার ১০’ এবং পরবর্তী সময়ে ‘মেসেনজার’।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা