ছবি: এআই দিয়ে তৈরি
একসময় আগুন আবিষ্কার মানুষকে অন্ধকার থেকে আলোয় এনেছিল, বাষ্পীয় ইঞ্জিন বদলে দিয়েছিল শিল্পসভ্যতার গতিপথ, আর বিদ্যুৎ ও ইন্টারনেট খুলে দিয়েছিল জ্ঞানের এক নতুন দিগন্ত। একবিংশ শতাব্দীতে এসে কৃত্রিম বুদ্ধিমত্তা যেন সেই ধারাবাহিক বিপ্লবেরই সবচেয়ে শক্তিশালী অধ্যায়। কিন্তু ইতিহাসের প্রতিটি বড় আবিষ্কারের মতো এই প্রযুক্তির অগ্রযাত্রার সঙ্গেও জড়িয়ে আছে অজানা ঝুঁকি। এবার সেই ঝুঁকি নিয়ে সতর্ক করছেন প্রযুক্তির একেবারে ভেতরে থাকা গবেষকরাই। তাদের আশঙ্কা- নিয়ন্ত্রণহীন গতিতে এগোতে থাকা এআই একদিন মানুষের সৃষ্টির সীমা ছাড়িয়ে গিয়ে মানবজাতির অস্তিত্বের জন্যই হুমকি হয়ে উঠতে পারে।
অ্যানথ্রপিক থেকে পদত্যাগ করা ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ গবেষক জ্যাকব কক্সন বলেছেন, প্রযুক্তিটির উন্নয়নের গতি এবং এর সম্ভাব্য পরিণতি নিয়ে কর্মরত মানুষজন সত্যিই আতঙ্কিত। তিনি বলেন, ‘আমরা যদি বর্তমান গতিতে এর অগ্রগতির ধারা থামাতে না পারি, তাহলে খুব নিকট ভবিষ্যতে আমাদের সবাই মারা যাওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে।’ এআইয়ের ঝুঁকি নিয়ে তার পদত্যাগের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ার পর বিবিসিকে এসব কথা বলেন ২৭ বছর বয়সী জ্যাকব কক্সন। এরই মধ্যে এআই শিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। কক্সনের সাবেক কর্মস্থল অ্যানথ্রপিকের প্রধান দারিও আমোদেই সম্প্রতি এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন। তবে কেউ কেউ এ আহ্বানের পেছনে তার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন।
প্রতিদ্বন্দ্বী দুই এআই প্রতিষ্ঠানের প্রধান- ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান এবং এক্সএআইয়ের ইলন মাস্ক- দুজনই আমোদেইয়ের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছেন। তারা শিল্পজুড়ে এআই উন্নয়নের গতি কমানো, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং এআই মডেল তৈরির ওপর স্বাধীন নজরদারির পক্ষে মত দিয়েছেন। গত শনিবার প্রকাশিত এক প্রবন্ধে আমোদেই বলেন, এআই প্রযুক্তির উন্নয়ন বন্ধ করার প্রশ্ন নেই। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি গুরুতর। অ্যানথ্রপিকে যোগ দেওয়ার আগে ওপেনএআইয়ে কাজ করা কক্সন এআই উন্নয়নের গতি কমানোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তবে তার মতে, এই উদ্যোগ চীনের সঙ্গেও সমন্বিত হতে হবে, যাতে এটি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক দৌড়ে পরিণত না হয়।
বিবিসির অনুষ্ঠান ‘সানডে উইথ লরা কুয়েনসবার্গ’-এ কক্সন বলেন, সবচেয়ে কঠিন প্রশ্ন হলো- এআইয়ের কারণে সম্ভাব্য মহাবিপর্যয় আসলে কেমন হতে পারে? অ্যানথ্রপিকের প্রধান আমোদেইয়ের বক্তব্যে উঠে আসা ঝুঁকিগুলোর একটি হলো, অসংখ্য এআই বট একটি সুপারকম্পিউটারের মতো একসঙ্গে কাজ করে ইন্টারনেটের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। কক্সনের মতে, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যেই এমন পরিস্থিতি বাস্তবসম্মত হয়ে উঠতে পারে।
কক্সন বলেন, তার সহকর্মীদের কেউ কেউ আশঙ্কা করছেন, বিপদ আগামী দুই বছরের মধ্যেই আসতে পারে। তবে এআইয়ের ভবিষ্যৎ নিয়ে কক্সনের মধ্যে কিছুটা আশাবাদও রয়েছে। তিনি বলেন, এআই নিয়ে গবেষণা করা মানুষজন রোগ নিরাময় এবং মানুষের জীবনমান উন্নত করার মতো ইতিবাচক সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে ‘সত্যিই চান’। অ্যানথ্রপিকের বিজ্ঞানী ইভান হাবিঙ্গার বলেন, তারা সত্যিই মনে করেন এআই সব মানুষকে হত্যা করতে পারে। তার ব্যক্তিগত ধারণা, আগামী এক দশকের মধ্যে এমন ঘটনার সম্ভাবনা ১০ শতাংশের বেশি।
এদিকে এআই চিপ নির্মাতা এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংও কক্সনের বক্তব্যকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বলে কয়েকজন উপস্থিত ব্যক্তি বিবিসিকে জানিয়েছেন। এর আগে হুয়াং বলেছিলেন, এআই মানবজাতির শেষ ডেকে আনবে- এমন ধারণা সম্পূর্ণ অর্থহীন। সমালোচকদের আরেকটি অংশের অভিযোগ, অ্যানথ্রপিক প্রতিযোগীদের ঠেকাতে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়ার পরিবেশ তৈরি করতে চাইছে, যার ফলে অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের মধ্যে একধরনের দ্বৈত আধিপত্য তৈরি হতে পারে।