দ্য গার্ডিয়ান
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৬ পিএম
প্রতীকী ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘বেপরোয়া’ বিকাশ ধীরগতির করার আহ্বান জানিয়েছেন এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদি। তার এ আহ্বানে একমত প্রকাশ করে বিরল সংহতি দেখিয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি ব্যক্তিত্ব—ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এবং টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
সম্প্রতি এআই গবেষকদের ধারাবাহিক সতর্কবার্তার পর এক প্রবন্ধে আমোদি এআই শিল্পের গতি কমানোর বিষয়ে তার ভাবনা তুলে ধরেন। তিনি সতর্ক করে বলেন, দলবদ্ধ এআই (এআই সোয়ার্ম) নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাত্র এক বছরের মধ্যে শক্তিশালী বটনেটের মাধ্যমে গোটা ইন্টারনেট নিজেদের কবজায় নেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে। তিনি বলেন, মাত্রাতিরিক্ত দ্রুতগতিতে এআই তৈরি করা ‘বেপরোয়া’ কাজ। গত গ্রীষ্মে ওপেনএআই-এর শত শত এআই এজেন্ট ‘হাগিং ফেস’ ওয়েবসাইটে অনধিকার প্রবেশের ঘটনার উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, অপব্যবহারের শিকার এমন কোনো শক্তিশালী এআই নেটওয়ার্ক শত শত কোটি ডলারের ক্ষতি করতে পারে। তবে কিছু বিশেষজ্ঞ এই আশঙ্কাকে পুরোপুরি গ্রহণযোগ্য মনে করছেন না এবং সন্দেহের চোখে দেখছেন।
আমোদির এ বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ইলন মাস্ক লিখেছেন, “দারিও সঠিক কথাই বলেছেন।” মাস্ক আরও উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরেই এআই নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছেন। ২০১৪ সালের একটি পোস্টের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এআই সম্ভাব্য ক্ষেত্রে পারমাণবিক বোমার চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে।
এদিকে শনিবার ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও এক্স পোস্টে জানান, প্রযুক্তির অগ্রগতির গতি নিয়ন্ত্রণের বিষয়ে তিনি দারিওর সঙ্গে একমত। স্বাধীন মূল্যায়নকারীদের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় পর্যবেক্ষণের সুযোগ দেওয়ার প্রস্তাবকে চমৎকার ধারণা উল্লেখ করে তিনি জানান, ওপেনএআই-ও একই ধরনের পদক্ষেপ নেবে। এ ছাড়া এআই সুরক্ষাজনিত উদ্বেগের কারণে ওপেনএআই ২০২৬ সালে পুঁজিবাজারে (আইপিও) যাবে না বলেও জানান তিনি।
আমোদির এই উদ্যোগ এমন এক সময়ে এলো, যখন অ্যানথ্রপিক যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ইতিহাসের বৃহত্তম আইপিও ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, যার আনুমানিক মূল্যমান ২ ট্রিলিয়ন (দুই লাখ কোটি) ডলারেরও বেশি।
আমোদির এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন গুগল ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডেমিস হাসাবিস। তিনি বলেন, অনেক বিষয়ে বিস্তারিত কাজ করার থাকলেও এই সংকটময় সময়ে পদক্ষেপটির অভিমুখ সঠিক। ওপেনএআই গবেষক এইডান ম্যাকলাফলিনও আমোদির প্রবন্ধের সঙ্গে সম্পূর্ণ একমত প্রকাশ করেছেন।
তবে এই পরিকল্পনার সমালোচনাও রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পরিষদের কো-চেয়ার ডেভিড স্যাকস বলেন, এআই ধীরগতির করার পেছনে কোম্পানিগুলোর উদ্দেশ্য পুরোপুরি নিঃস্বার্থ নয়; বরং মারাত্মক কোনো সাইবার হামলা হলে বড় ধরনের আইনি ও আর্থিক দায় এড়াতেই তারা এই পদক্ষেপ চাইছে। যুক্তরাজ্যের সাবেক এআই নিরাপত্তা কর্মকর্তা ও অধ্যাপক ডেভিড ক্রুগারের মতে, এই পরিকল্পনাঝুঁকিকে গ্রহণযোগ্য মাত্রায় নামিয়ে আনার জন্য যথেষ্ট নয়।
এদিকে মানবতার কল্যাণে এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে চলতি সপ্তাহেই স্কটল্যান্ডে শীর্ষ এআই বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের রাজা চার্লস। সানডে টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এতে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ও ডেমিস হাসাবিসসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেবেন।
যুক্তরাষ্ট্রেও রাজনীতিবিদরা এআই নিয়ন্ত্রণে কঠোর নীতিমালার ওপর জোর দিচ্ছেন। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ব্যক্তিগতভাবে ডেমোক্র্যাট নেতাদের এআই তদারকিকে অগ্রাধিকার তালিকায় রাখার আহ্বান জানান। অ্যানথ্রপিকের উপদেষ্টা ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকও সতর্ক করে বলেছেন, এখনই এআই নিরাপত্তায় সীমা নির্ধারণ না করলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হবে।
এর আগে অ্যানথ্রপিকের সাবেক কর্মী ও গবেষক জ্যাকব কক্সন সতর্ক করেছিলেন, এআই ২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তি ঘটাতে পারে। এ বিষয়ে জানতে চাইলে আমোদি সিএনএনকে বলেন, তিনি এই প্রযুক্তি নিয়ে পুরোপুরি হতাশাবাদী নন এবং তাঁর বিশ্বাস, এআই প্রযুক্তিকে নিরাপদে তৈরি ও পরিচালনা করা সম্ভব।