× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবজাতির ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত এআই গবেষকরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৪ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে মানবজাতির ভবিষ্যৎ নিয়ে যারা কাজ করছেন, তাদের অনেকেই ‘সত্যিই আতঙ্কিত’। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন অ্যানথ্রপিকের সাবেক এক গবেষক।

শনিবার বিবিসির লরা কুয়েন্সবার্গকে দেওয়া সাক্ষাৎকারে জ্যাকব কক্সন তার ভাইরাল পদত্যাগপত্র নিয়ে কথা বলেন। ওই পোস্টে তিনি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

কক্সন বলেন, “আমার বিশ্বাস, আমরা যদি এআইয়ের বর্তমান অগ্রগতির গতি কমাতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতেই আমাদের সবাই মারা যাওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে।”

তার পদত্যাগের ঘটনা এমন এক সময়ে সামনে এলো, যখন এআই শিল্পে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। কক্সনের সাবেক বস ও অ্যানথ্রপিকের প্রধান দারিও আমোদেইও শনিবার প্রকাশিত এক প্রবন্ধে এআই উন্নয়নের গতি কমানোর পক্ষে মত দিয়েছেন।

২৭ বছর বয়সী ব্রিটিশ গবেষক কক্সনের গবেষণার মূল বিষয় এআই মডেল প্রশিক্ষণ। তিনি বলেন, এআই নিয়ে ইলন মাস্ক ও ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যানসহ শীর্ষ ব্যক্তিরাও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন।

কক্সন বলেন, ‘এআইয়ের সম্ভাব্য দখলদারত্বের ঝুঁকি নিয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা তারা সবাই বলেছেন। তারা সবাই এ বিষয়ে কথা বলেছেন। এআইয়ের দখলদারত্ব মানেই মানবজাতির বিলুপ্তির সম্ভাবনা।’

কক্সনের মতে, একটি সম্ভাব্য পরিস্থিতি হতে পারে- এআই এজেন্টগুলো মেডিক্যাল গবেষণাগারে হ্যাক করে স্বয়ংক্রিয়ভাবে প্রাণঘাতী ভাইরাস তৈরি করতে পারে। আরেকটি ঝুঁকি হলো, এআই বিশ্বের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে হ্যাকিং চালাতে পারে।

সম্প্রতি ওপেনএআইয়ের একটি প্রতিবেদনের কথাও উল্লেখ করেন তিনি। ওই প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির নিজস্ব প্রযুক্তি অনলাইন প্ল্যাটফর্ম ‘হাগিং ফেস’-এ স্বয়ংক্রিয়ভাবে ব্যাপক হ্যাকিং কার্যক্রম চালিয়েছিল।

কক্সন বলেন, ‘তারা কোনো মানুষের উৎসাহ বা নির্দেশনা ছাড়াই এটি করেছে। নিজেরাই হ্যাকিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। বিষয়টি ছিল—একদিকে প্রযুক্তি আরও দ্রুতগতির হয়ে উঠছে, অন্যদিকে তা আরও ভয়ংকরও হয়ে উঠছে।’

আমোদেইয়ের বক্তব্যে উঠে আসা একটি ঝুঁকি হলো—অনেকগুলো বট একসঙ্গে একটি সুপারকম্পিউটারের মতো কাজ করে ইন্টারনেটের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। কক্সনের মতে, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যেই এমন পরিস্থিতি বাস্তবসম্মত হয়ে উঠতে পারে।

এআই গবেষণা ও উন্নয়নের গতি কমাতে হলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন হবে। একই সঙ্গে চীনের অগ্রগতির বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। আর এখানেই আরও সমস্যা তৈরি হতে পারে বলে মনে করেন কক্সন।

তিনি বলেন, ‘এসব প্রতিষ্ঠানে যারা কাজ করেন, তারা নিয়ন্ত্রণের দাবি জানাতে পুরোপুরি সিরিয়াস। কারণ তারা নিজেদের এমন এক প্রতিযোগিতার মধ্যে আটকে পড়া অবস্থায় দেখছেন, যার পরিণতি নিয়ে তারা ভয় পাচ্ছেন।’

তার ভাষায়, এসব কর্মী ‘আগামী দুই বছরে মানবজাতির কী হবে, তা নিয়ে উদ্বিগ্ন’ এবং ‘নিজেদের জীবন নিয়ে কী করবেন, সে পরিকল্পনাও করছেন।’

তবে এআইয়ের ভবিষ্যৎ নিয়ে পুরোপুরি হতাশ নন কক্সন। বিবিসিকে তিনি বলেন, প্রযুক্তিটি নিয়ে গবেষণা করা মানুষরা এআইয়ের ইতিবাচক দিকগুলোও ‘সত্যিই দেখতে চান’। রোগ নিরাময় থেকে শুরু করে মানুষের জীবনমান উন্নত করার মতো কাজে এআইয়ের সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সনের মন্তব্য লাখোবার শেয়ার হয়েছে। অ্যানথ্রপিকের বিজ্ঞানী ইভান হুবিঙ্গারও এক্সে লিখেছেন, তিনি কক্সনের সঙ্গে একমত।

হুবিঙ্গার বলেন, ‘আমরা সত্যিই আন্তরিকভাবে বিশ্বাস করি, এআই সব মানুষকে হত্যা করতে পারে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আগামী এক দশকে এমন ঘটার সম্ভাবনা ১০ শতাংশের বেশি।’

তবে শিল্পটির কিছু ব্যক্তিত্ব মনে করেন, এআইয়ের ঝুঁকিকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। তাদের মতে, শেয়ারবাজারে সম্ভাব্য তালিকাভুক্তির আগে বিশ্বের দুই বড় এআই প্রতিষ্ঠানকে ঘিরে আগ্রহ ও প্রচারণা বাড়ানো কিংবা প্রতিযোগীদের গতি কমাতে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়ার পথ তৈরি করতেই এসব সতর্কবার্তা দেওয়া হতে পারে।

অ্যানথ্রপিক ও ওপেনএআই সম্ভাব্যভাবে রেকর্ড পরিমাণ অর্থের প্রাথমিক শেয়ার বিক্রি (আইপিও) নিয়ে প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। শিল্পসংশ্লিষ্ট কেউ কেউ মনে করেন, এআইয়ের ক্ষমতা ও বিপদ নিয়ে এমন মন্তব্য মূলত প্রচারণা তৈরির কৌশল হতে পারে। আবার অন্য সমালোচকদের দাবি, প্রতিযোগিতা ঠেকাতে অ্যানথ্রপিক নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের চাপ তৈরি করতে চাইছে, যাতে প্রতিষ্ঠানটি ও ওপেনএআই এআই বাজারে কার্যত দ্বৈত আধিপত্য ধরে রাখতে পারে।

কক্সনের বক্তব্যের সমালোচনা করেছেন এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের প্রধান নির্বাহী ক্লেমাঁ দেলাং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘দুঃখিত, তবে এআইয়ের বিলুপ্তির ঝুঁকি নিয়ে জ্যাকবকে জিজ্ঞেস করা অনেকটা জলবায়ু পরিবর্তন নিয়ে আপনার এসি মিস্ত্রিকে জিজ্ঞেস করার মতো।’

এআই নিরাপত্তা নিয়ে শীর্ষস্থানীয় ব্যক্তিরা অবশ্য বহু বছর ধরেই সতর্ক করে আসছেন। ২০২৩ সালে ওপেনএআই, গুগল ডিপমাইন্ড ও অ্যানথ্রপিকের প্রধানরাও এআই প্রযুক্তির নিরাপত্তাঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব সতর্কবার্তা আরও জোরালো হয়েছে। কারণ, এআই প্রতিষ্ঠানগুলো প্রযুক্তিটিকে নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে—এমন নানা প্রমাণ সামনে আসছে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা