প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৬ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রায় ১৮ কোটি মানুষের খাবার জোগাতে প্রতিবছরই জমিতে সারের ব্যবহার বাড়ছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই কৃষিপণ্যের সরবরাহ এবং ব্যবস্থাপনা নিয়ে নানা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে সার ব্যবস্থাপনা নিয়ে একধরনের অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছে। কোথাও সড়ক আটকে বিক্ষোভ হয়েছে আবার কোথাও ঘটেছে লুটপাটের ঘটনা। এই প্রেক্ষাপটে গতকাল শনিবার ‘ন্যানো ফার্টিলাইজার কী, ব্যবহার হয় কীভাবে?’ শিরোনামে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। পাঠকদের আগ্রহ বিবেচনায় তাদের কৃষি বিষয়ক সংবাদদাতা সজল দাসের প্রতিবেদনটির অংশবিশেষ তুলে ধরা হলোÑ
সার নিয়ে ভবিষ্যৎ সংকট থেকে বাঁচার জন্য এখন ‘ন্যানো ফার্টিলাইজার’ বা অণু সারের দিকে তাকাচ্ছেন কৃষি বিজ্ঞানীরা, যা বৈশ্বিক কৃষিতে চতুর্থ বিপ্লব হিসেবেই পরিচিতি পাচ্ছে। তারা বলছেন, গেল দুই দশকে কৃষিজমিতে ইউরিয়া, টিএসপি এবং এমওপির মতো প্রচলিত রাসায়নিক সারের ব্যবহার কয়েক গুণ বেড়ে যাওয়ায় বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশের মতো কৃষিনির্ভর দেশগুলোকে একদিকে অতিরিক্ত চাহিদার জোগান দিতে বাড়তি খরচে সার আমদানি করতে হচ্ছে, অন্যদিকে মাত্রাতিরিক্ত সারের ব্যবহারে মাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ন্যানো প্রযুক্তি ব্যবহার করে গুরুত্বপূর্ণ কৃষিপণ্য, সার উৎপাদনের দিকেও নজর দিয়েছে বিশ্বের উন্নত অনেক দেশ।
ন্যানো ফার্টিলাইজার কী
ন্যানো ফার্টিলাইজার হলো নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামসহ অনুখাদ্য যেমন দস্তা, লোহা, বোরনকে ন্যানো-আকারে তৈরি সার। ন্যানো কণার আকার অত্যন্ত সুনির্দিষ্ট, যা ১ থেকে ১০০ ন্যানোমিটারের (nm) মধ্যে হয়ে থাকে। ১ ন্যানোমিটার হলো ১ মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগ! সাধারণত সারের দানা খালি চোখে দেখা যায়। কিন্তু ন্যানো ফার্টিলাইজারের কণা এত ছোট হয় যে, এক লিটার পানিতে ৫০০ মিলিয়ন পর্যন্ত কণা মেশানো সম্ভব। বিজ্ঞানীরা বলছেন, ন্যানো ফার্টিলাইজারের তিনটি বিশেষ গুণ রয়েছে। এর আকার ছোট হওয়ায় ফসলের পাতা কিংবা শেকড়ের সংস্পর্শে আসার জায়গা অনেক বেশি। ন্যানো কণাগুলোকে পলিমার বা ক্লে দিয়ে ঢেকে দেওয়া হয়। ফলে এই সার ৪০ থেকে ৫০ দিন ধরে ধীরে ধীরে গাছকে খাবার দেয়, যা একবার স্প্রে করলেই যথেষ্ট। পাতায় ন্যানো ফার্টিলাইজার স্প্রে করলে স্টোমাটা বা ছিদ্র দিয়ে সরাসরি গাছের ভেতরে ঢুকে যায়। আর মাটিতে দিলে শেকড় সহজেই টেনে নিতে পারে। এক্ষেত্রে সবচেয়ে আলোচিত দুটি পণ্য হলো, ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডিএপি। এগুলো সাধারণত তরল আকারে বোতলে পাওয়া যায়। কৃষি বিজ্ঞানীদের অনেকেই বলছেন, সাধারণ হিসাবে ৫০০ মিলি ন্যানো ইউরিয়া এক বস্তা বা ৪৫ কেজি ইউরিয়ার সমান নাইট্রোজেন দিতে সক্ষম।
উৎপাদন কতটুকু বাড়ে
বাংলাদেশের মতো স্বল্প জমি, উচ্চ জনসংখ্যা ও সারের ওপর ভর্তুকিনির্ভর দেশের জন্য ন্যানো সার গেম-চেঞ্জার হতে পারে বলেই মনে করছেন কৃষি বিজ্ঞানীরা। তারা বলছেন, এই ধরনের সার ব্যবহারের ফলে কৃষি উৎপাদন চার গুণ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। যেখানে প্রচলিত ইউরিয়ার মাত্র ৩০ থেকে ৪০ শতাংশ ফসল গ্রহণ করতে পারে। সেখানে ন্যানো সারের দক্ষতা বা ফসলের গ্রহণ সক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত। এতে করে একই ফলনের জন্য অর্ধেকেরও কম সার প্রয়োজন হবে। ফলে সার উৎপাদন বা আমদানিতে সরকারের ভর্তুকি কমবে।