বিসিসি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৩ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৪ পিএম
সুপারি গ্রহণে মানুষের চেতনা সজাগ হয় এবং মৃদু স্ফূর্তির অনুভূতি জাগে। ছবি: বিবিসি
বিজ্ঞানীরা এত দিন মানুষের নেশাজাতীয় উপাদান গ্রহণের ইতিহাস নিয়ে যা ভেবেছিলেন, বাস্তবতা তার চেয়েও অনেক পুরোনো। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, আজ থেকে প্রায় ২৫ হাজার বছর আগেই মনস্তাত্ত্বিক বা চেতনা পরিবর্তনকারী উপাদান হিসেবে সুপারি ব্যবহার করত ইন্দোনেশিয়ার আদিম মানবগোষ্ঠী।
অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী প্রাচীন শিকারি-সংগ্রাহক মানুষের কঙ্কাল পরীক্ষা করে এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন। বিজ্ঞানবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী সায়েন্স অ্যাডভান্সেস-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে।
গবেষক দলের প্রধান অধ্যাপক অ্যাডাম ব্রাম জানান, এটিই বিশ্বে মানুষের মাদক বা উদ্দীপক দ্রব্য ব্যবহারের ‘প্রাচীনতম প্রমাণ’ হতে পারে।
গবেষণায় ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপ থেকে উদ্ধার করা দুটি প্রাচীন কঙ্কালের দাঁত পরীক্ষা করা হয়। এর মধ্যে একটি কঙ্কাল ২৫ হাজার থেকে ১৬ হাজার বছর আগের এবং অন্যটি ৭ হাজার ৬০০ থেকে ৬ হাজার ৩০০ বছর পুরোনো। বিজ্ঞানীদের নজরে আসে, উভয় মানুষের দাঁতেই অস্বাভাবিক রকমের গভীর ও গোলাকার দাগ বা খাঁজ রয়েছে। বিশদ গবেষণার পর তারা নিশ্চিত হয়েছেন, গোটা সুপারি মুখে রেখে চোষার কারণেই তাঁদের দাঁতে এই স্থায়ী দাগ তৈরি হয়েছিল।

আদিম মানুষের চোয়ালের দাঁতে অস্বাভাবিক ক্ষয়, যা সুপারি চোষার প্রমাণ হিসেবে দেখছেন গবেষকেরা। ছবি: বিবিসি
আরেকা পাম গাছের বীজ বা সুপারি গ্রহণ করলে মানুষের মধ্যে একধরনের হালকা স্ফূর্তি বা সতেজ ভাব তৈরি হয় এবং ইন্দ্রিয় অতিরিক্ত সজাগ থাকে। অধ্যাপক ব্রাম বলেন, “পশ্চিমা বিশ্বে খুব একটা পরিচিত না হলেও অ্যালকোহল (মদ), ক্যাফেইন ও নিকোটিনের পর সুপারি হচ্ছে পৃথিবীর চতুর্থ বহুল ব্যবহৃত সাইকোঅ্যাকটিভ (চেতনার পরিবর্তন ঘটায় এমন) উপাদান।”
এত দিন প্রচলিত ধারণা ছিল, কৃষিকাজ শুরুর পর অর্থাৎ প্রায় ১৩ হাজার বছর আগে গাঁজন প্রক্রিয়ায় তৈরি মদ পানের মাধ্যমেই মানব ইতিহাসে নেশাজাতীয় উপাদানের প্রচলন ঘটে। তবে নতুন এই গবেষণা পুরোনো ধারণাকে বদলে দিয়েছে। অধ্যাপক ব্রামের মতে, আধুনিক যুগে মানুষ যেসব উদ্দীপক বা নেশাদ্রব্য ব্যবহার করে, তার শিকড় লুকিয়ে আছে হাজার হাজার বছর আগের শিকারি-সংগ্রাহক আদিম মানুষদের ঐতিহ্যের মধ্যে।
বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রক্রিয়াজাত সুপারি চুন ও অন্যান্য উপাদানের সঙ্গে পানের খিলির ভেতরে রেখে খাওয়ার ব্যাপক প্রচলন রয়েছে। বিশ্বের প্রায় ১০ শতাংশ মানুষ এই অভ্যাসে অভ্যস্ত।
গবেষকেরা কৃত্রিম লালার মধ্যে আস্ত সুপারি ভিজিয়ে পরীক্ষা করে দেখেছেন, চুন ছাড়া কেবল আস্ত সুপারি মুখে রেখে চুষলেও মস্তিষ্কের কার্যকলাপে পরিবর্তন আনার মতো পর্যাপ্ত উপাদান নিঃসৃত হয়। প্রাচীন মানুষের এই সুপারি চোষার প্রভাব বর্তমানের মতো তীব্র না হলেও এটি তাঁদের দাঁত ও মাড়িতে গুরুতর রোগ সৃষ্টির জন্য যথেষ্ট ছিল।