বেইজিংয়ে অনুষ্ঠিত ২০২৬ সালের বিশ্ব রোবট সম্মেলনে ইউনিট্রি নির্মিত হিউম্যানয়েড রোবটগুলো একটি দলীয় নৃত্য প্রদর্শন করছে। ছবি: রয়টার্স
মানুষের মতো দেখতে, হাঁটতে, হাত বাড়িয়ে কাজ করতে পারে- কখনও নাচে, কখনও কুংফু দেখিয়ে তাক লাগিয়ে দেয়। চীনের হিউম্যানয়েড রোবট নিয়ে তাই আগ্রহের শেষ নেই।
প্রযুক্তির এই দ্রুত অগ্রগতির সঙ্গে মানুষের মনে একটি প্রশ্নও ক্রমেই জোরালো হচ্ছে-এই রোবটগুলো কি একদিন মানুষের চাকরি কেড়ে নেবে।
আপাতত উত্তরটা হলো- না, অন্তত এখনই নয়।
চীন বিপুল বিনিয়োগ ও সরকারি সহায়তায় হিউম্যানয়েড রোবটকে ভবিষ্যতের শিল্পবিপ্লবের অন্যতম হাতিয়ার হিসেবে গড়ে তুলতে চায়। কিন্তু ঝলমলে প্রদর্শনী আর বাস্তব কর্মক্ষেত্রের মধ্যে এখনও রয়েছে বড় ব্যবধান।
মানুষের মতো দেখতে হলেও মানুষের মতো করে ভাবতে, পরিস্থিতি বুঝতে এবং মুহূর্তে সিদ্ধান্ত নিতে এখনও শেখেনি এসব যন্ত্র।
চীনের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রে রোবটকে বাক্স সাজানো, পণ্য প্যাকেটজাত করা কিংবা কফি তৈরির মতো সাধারণ কাজ শেখানো হচ্ছে। কিন্তু একটি কাজ নিখুঁতভাবে শেখাতেই প্রশিক্ষকদের বারবার চেষ্টা করতে হয়।
পরিবেশে সামান্য পরিবর্তন এলেই কিংবা অপ্রত্যাশিত কোনো বাধা সামনে পড়লেই রোবটের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে।
কিছু বিশেষজ্ঞদের মতে, চীনা নির্মাতারা বিশ্বমানের রোবট হার্ডওয়্যার তৈরিতে উল্লেখযোগ্য সাফল্য দেখালেও বুদ্ধিমত্তার দৌড়ে এখনও অনেক পথ বাকি। তাই সাজানো মঞ্চে নাচ বা কুংফুর চমক দেখানো আর বাস্তব জীবনের জটিল পরিস্থিতি সামলানো এক বিষয় নয়।
তবে হিউম্যানয়েড রোবটের ভবিষ্যৎ উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই। বিপজ্জনক, পুনরাবৃত্তিমূলক ও কাঠামোবদ্ধ কাজে এগুলোর ব্যবহার বাড়তে পারে।
মানুষের সহকর্মী হিসেবে কারখানা, গুদাম বা বিশেষায়িত কর্মক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেও পারে।
কিন্তু মানুষের অভিজ্ঞতা, সাধারণ বোধ এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার বিকল্প হয়ে উঠতে প্রযুক্তিটিকে পাড়ি দিতে হবে আরও দীর্ঘ পথ।
তাই রোবটের উত্থান নিয়ে চাকরি হারানোর আতঙ্ক যতটা বড়, বর্তমান বাস্তবতা ততটা নয়। চীনের হিউম্যানয়েড রোবট এগোচ্ছে দ্রুতই, তবে মানুষের চাকরি কেড়ে নেওয়ার মতো স্মার্ট এখনো হয়ে ওঠেনি।