ভিডিও দেখার হিসাব পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে ইউটিউব। আগামী ২৪ আগস্ট থেকে বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটির ভিডিওতে ‘পাবলিক ভিউ’ গণনার নতুন নিয়ম চালু হবে। এর ফলে ভিডিও প্রকাশের পর ভিউয়ের সংখ্যা আগের তুলনায় দ্রুত বাড়তে দেখা যেতে পারে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো ভিডিও চালু হলেই সেটিকে একটি ‘পাবলিক ভিউ’ হিসেবে গণনা করা হবে। অর্থাৎ ভিডিওটি দর্শক কতক্ষণ দেখেছেন, সেটি পাবলিক ভিউ হিসেবে গণনার ক্ষেত্রে বিবেচ্য হবে না। তবে দর্শক ভিডিওতে কতটা সময় ব্যয় করছেন, তা জানতে নির্মাতারা ‘এঙ্গেজড ভিউস’ মেট্রিক ব্যবহার করতে পারবেন। ইউটিউব জানিয়েছে, নির্মাতাদের ভিডিওর প্রকৃত এক্সপোজার সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দিতেই ভিউ গণনার পদ্ধতিতে এ পরিবর্তন আনা হচ্ছে।
ইউটিউবের সাপোর্ট পেজে বলা হয়েছে, আগে বিভিন্ন ধরনের ভিডিওর জন্য একাধিক ভিউ গণনা পদ্ধতি ব্যবহার করা হতো। এতে মেট্রিকস নিয়ে নির্মাতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। নতুন নিয়মে সাধারণ ভিডিওগুলোর ভিউও ‘শর্টস’-এর মতো পদ্ধতিতে গণনা করা হবে।
২০২৫ সালেই ইউটিউব শর্টসের ক্ষেত্রে ন্যূনতম সময় দেখার বাধ্যবাধকতা তুলে দিয়েছিল। এর ফলে শর্টসের অ্যানালিটিক্স পদ্ধতি আরও সহজ হয় এবং টিকটক ও ইনস্টাগ্রামের সঙ্গে তুলনাও সহজ হয়েছে।
তবে ভিউ গণনার এই পরিবর্তনে ইউটিউব ভিডিও নির্মাতাদের আয় বা মনিটাইজেশনে নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মনিটাইজেশনের যোগ্যতার ক্ষেত্রেও নতুন নিয়ম কোনো বাধা সৃষ্টি করবে না।
ইউটিউব জানিয়েছে, নির্মাতাদের আয় আগের মতোই ‘এঙ্গেজড শর্টস ভিউস’ ও ‘এঙ্গেজড ওয়াচ আওয়ার্স’-এর ভিত্তিতে নির্ধারিত হবে। এসব তথ্য ইউটিউব অ্যানালিটিক্সের অ্যাডভান্সড মোডে দেখা যাবে।