× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগস্টের শেষে আকাশে দেখা যাবে ‘ব্লাড মুন’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৬:৪০ পিএম

আগস্টের শেষে আকাশে দেখা যাবে ‘ব্লাড মুন’। ছবি: গালফ নিউজ

আগস্টের শেষে আকাশে দেখা যাবে ‘ব্লাড মুন’। ছবি: গালফ নিউজ

আগামী ২৭ ও ২৮ আগস্ট এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। এদিন চাঁদের প্রায় পুরো অংশই পৃথিবীর ছায়ায় ঢাকা পড়বে, যার ফলে চাঁদ লালচে বর্ণ ধারণ করবে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে ‘ব্লাড মুন’ বা রক্তাভ চাঁদ বলা হয়।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ২৭ ও ২৮ আগস্ট রাতে এই চন্দ্রগ্রহণটি হবে। এটি আগস্টের পূর্ণিমা বা ‘স্টার্জন মুন’-এর সময়ে ঘটবে। গ্রহণের চূড়ান্ত পর্যায়ে চাঁদের প্রায় ৯৬ শতাংশ পৃথিবীর অন্ধকারতম ছায়ার (আম্ব্রা) নিচে চলে আসবে। সামান্য একটি অংশ ছায়ার বাইরে থাকলেও দৃশ্যত এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মতোই মনে হবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ৯৬ শতাংশ অংশ ঢাকা পড়ায় চাঁদে উজ্জ্বল লাল ও কমলা রঙের আভা তৈরি হবে। বৃহস্পতিবার রাতে শুরু হয়ে শুক্রবার ভোর পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা ৩৮ মিনিট ধরে এই গ্রহণ চলবে।

কোথায় দেখা যাবে?

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে চন্দ্রগ্রহণের দৃশ্য দেখা যাবে। তবে এর দৃশ্যমানতা নির্ভর করবে নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট এলাকায় চাঁদের অবস্থানের ওপর। উত্তর আমেরিকাসহ বেশ কিছু অঞ্চলে এটি স্পষ্টভাবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মেঘলা আকাশ থাকলে এই দৃশ্য দেখার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

চাঁদ কেন লাল হয়?

চন্দ্রগ্রহণের সময় পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে, তখন পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে আসা সূর্যের আলো চাঁদের ওপর পড়ে। বায়ুমণ্ডলে নীল রঙের আলোর বিচ্ছুরণ বেশি হওয়ায় তা চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু লাল ও কমলা রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় তা সরাসরি চাঁদে গিয়ে পৌঁছায়। এর ফলে চাঁদকে লালচে দেখায়। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ যেমন লাল দেখায়, এটিও অনেকটা তেমন।

খালি চোখে কি দেখা যাবে?

সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখার জন্য বিশেষ কোনো চশমা বা সুরক্ষা সরঞ্জামের প্রয়োজন নেই। এটি খালি চোখেই নিরাপদে দেখা যাবে। তবে দূরবিন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের রঙের পরিবর্তন ও পৃথিবীর ছায়ার চলাচল আরও স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে।

আগস্টের এই পূর্ণিমাকে ঐতিহাসিকভাবে ‘স্টার্জন মুন’ বলা হয়। উত্তর আমেরিকার গ্রেট লেক অঞ্চলে এই সময়ে প্রচুর পরিমাণে ‘স্টার্জন’ মাছ পাওয়া যেত বলে প্রাচীনকাল থেকে পূর্ণিমার এই নামকরণ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা