শহরের এরুলিয়ার বামদিঘী এলাকায় পরীক্ষামূলক প্ল্যান্টে এই প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দুটি পানির পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন চালিয়ে দেখানো হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের দাবি করা ফ্লাইহুইল প্রযুক্তি নিয়ে বগুড়ায় পরীক্ষামূলক গবেষণায় সাফল্য পেয়েছেন গবেষকরা। শহরের এরুলিয়ার বামদিঘী এলাকায় পরীক্ষামূলক প্ল্যান্টে এই প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দুটি পানির পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন চালিয়ে দেখানো হয়েছে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হওয়ায় এবার ২৫ কোটি টাকা ব্যয়ে ১ মেগাওয়াট ক্ষমতার একটি পূর্ণাঙ্গ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)। প্রকল্পটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং জলবায়ু ট্রাস্টে প্রস্তাব পাঠানো হয়েছে।
রবিবার দুপুরে বামদিঘীর পরীক্ষামূলক প্ল্যান্ট পরিদর্শন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং আরডিএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক। এ সময় ফ্লাইহুইল প্রযুক্তির যন্ত্রপাতি ও মোটর চালু করে এর কার্যকারিতা দেখানো হয়।
পরিদর্শন শেষে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা প্রকল্পটির কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, তুলনামূলক কম খরচে বিদ্যুৎ উৎপাদনের এই সম্ভাবনাকে বড় পরিসরে নিতে প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার চেষ্টা করবেন। গবেষকদের ভাষ্য, প্রয়োজনীয় আরও কিছু যন্ত্রপাতি যুক্ত করা গেলে পরীক্ষামূলক স্থাপনাটিকে উৎপাদনমুখী প্ল্যান্টে রূপ দেওয়া সম্ভব। তাদের হিসাবে, এ প্রযুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতে পারে প্রায় ১ টাকা ৫০ পয়সা। ১ মেগাওয়াট ক্ষমতার একটি প্ল্যান্ট স্থাপনে প্রাথমিকভাবে ২৫ কোটি টাকা ব্যয়ের হিসাব করা হয়েছে। গবেষকদের দাবি, সৌরবিদ্যুতের মাধ্যমে সার্বক্ষণিক ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি করতে যেখানে ১০০ কোটি টাকার বেশি প্রয়োজন, সেখানে ফ্লাইহুইল প্রযুক্তিতে ব্যয় হবে তার প্রায় এক-চতুর্থাংশ। সৌরবিদ্যুতের মতো এই প্রযুক্তি সূর্যের আলো বা আবহাওয়ার ওপরও নির্ভরশীল নয়। ফ্লাইহুইল (Flywheel) হলো একটি ভারী চাকা বা ঘূর্ণনশীল যান্ত্রিক যন্ত্র, যা মূলত গতিশক্তি (Kinetic Energy) সঞ্চয় করে রাখার জন্য ব্যবহৃত হয়।
আরডিএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক বলেন, ফ্লাইহুইল প্রযুক্তি নিয়ে আরডিএতে কাজ শুরু হয় ২০০৪ সালে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশে এই প্রযুক্তির ব্যবহার রয়েছে।
আরডিএ’র উপ-পরিচালক কৃষিবিদ ইঞ্জিনিয়ার ড. মনিরুল ইসলাম বলেন, ২০১৪ সাল থেকে তারা প্রযুক্তিটি নিয়ে পুরোদমে গবেষণা করছেন। তিনি বলেন, প্রয়োজনীয় অর্থ ও সরঞ্জাম পাওয়া গেলে প্রযুক্তিটিকে দ্রুত সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করা সম্ভব হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু কম খরচে বিদ্যুৎ উৎপাদনের নতুন সম্ভাবনাই তৈরি হবে না, বগুড়ার মেশিনারি ও প্রযুক্তি খাতেও নতুন কর্মসংস্থান ও গবেষণার সুযোগ তৈরি হতে পারে।