প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৫:৩২ পিএম
ক্ষতিকর ব্যক্টেরিয়া ধ্বংস করতে সক্ষম ব্যাকটেরিওফাজ। ছবি: দ্য গার্ডিয়ান
বিজ্ঞানের ক্যানভাসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেন আজ এক জাদুকরি তুলি। এই তুলির আঁচড়ে এবার আঁকা হলো এক ভাইরাসের নিপুণ নকশা। প্রাণঘাতী নয়, বরং প্রাণদায়ী ভাইরাস। মানবসভ্যতার ইতিহাসে ভাইরাস বরাবরই এক আতঙ্কের নাম, ধ্বংস ও মৃত্যুর সমার্থক। কিন্তু ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছেন।
এআইয়ের জাদুকরি স্পর্শে প্রথমবারের মতো তৈরি করা হয়েছে ব্যাকটেরিওফাজ নামক এক বিশেষ ভাইরাস। প্রকৃতির অমোঘ নিয়মকে যেন এক নতুন ছাঁচে ফেলে বিজ্ঞানীরা এমন এক প্রতিষেধক তৈরি করেছেন, যা কাজ করবে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী মারাত্মক সব ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। এ যেন ঘোর অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসা একচিলতে রুপোলি আলো, যা চিকিৎসাবিজ্ঞানে এক নতুন ভোরের প্রতিশ্রুতি দিচ্ছে।
বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে মহাকাশ গবেষণা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এক নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে। এআইয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এর অভাবনীয় গতি এবং নির্ভুল তথ্য বিশ্লেষণের বিপুল ক্ষমতা, যা মানুষের পক্ষে শত বছরে হয়তো সম্ভব।
জটিল গাণিতিক হিসাব, জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস, স্বয়ংক্রিয় যান চলাচল থেকে শুরু করে শিল্প-সাহিত্যের সৃষ্টিÑ সবখানেই এআই এক বিশ্বস্ত সহচরের ভূমিকা পালন করছে। এটি মানুষের কায়িক শ্রম কমিয়ে আনছে এবং উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে চিকিৎসা খাতে রোগ নির্ণয়, জিনোম সিকোয়েন্সিং এবং রোগীর ব্যক্তিগত চিকিৎসা-পরিকল্পনা তৈরিতে এআই এক অনন্য আশীর্বাদ হয়ে উঠেছে। এআইয়ের এই অসীম সম্ভাবনা যেন মানবজাতিকে এক নতুন ভবিষ্যতের দিকে হাতছানি দিয়ে ডাকছে।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে নতুন একটি গবেষণার ওপর আলোকপাত করা হয়েছে। গবেষণাটি বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা চিকিৎসাবিজ্ঞানে এক অভাবনীয় সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ইভো-১ ও ইভো-২ নামক এআই মডেল ব্যবহার করে এমন কিছু ভাইরাসের জিনোম বা পূর্ণাঙ্গ জেনেটিক নকশা তৈরি করেছেন, যা সুনির্দিষ্টভাবে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সক্ষম।
প্রায় বিশ লাখ ব্যাকটেরিওফাজের জেনেটিক ডেটা বিশ্লেষণ করে এআই এমন এক নিখুঁত ‘ককটেল’ তৈরি করেছে, যা সাধারণ চিকিৎসায় নিরাময় অযোগ্য ও প্রতিরোধী ই-কোলাই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ল্যাব পরীক্ষায় সফলভাবে জয়ী হয়েছে।
প্রখ্যাত সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, ভাইরাসের জিনোমকে দ্রুত নকশা করার ও নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে তাকে শক্তিশালী করার এই এআই-নির্ভর সক্ষমতা ‘ফাজ থেরাপি’কে আমূল বদলে দিতে পারে, যা ভবিষ্যতে দুরারোগ্য সংক্রমণ নিরাময়ে জাদুকরি ওষুধ হিসেবে কাজ করবে।
তবে প্রদীপের নিচেই যেমন অন্ধকার থাকে, তেমনি এআইয়ের এই ক্ষিপ্রগতির উত্থানের পেছনে লুকিয়ে আছে বেশকিছু গভীর শঙ্কা ও অসুবিধে। এআইয়ের অনিয়ন্ত্রিত বিকাশ মানুষের কর্মসংস্থানের জন্য এক বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে, কারণ যন্ত্রের স্বয়ংক্রিয়তা বহু প্রথাগত পেশাকে বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে। এছাড়া মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আজ চরম ঝুঁকির মুখে।
এআই ব্যবস্থা হ্যাক করে সাইবার অপরাধীরা মারাত্মক সব জালিয়াতি করছে, ডিপফেক প্রযুক্তির মাধ্যমে ছড়াচ্ছে মিথ্যা তথ্য ও গুজব। সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো, মানুষের ওপর যন্ত্রের এই ক্রমবর্ধমান আধিপত্য একদিন মানুষের নিজস্ব চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে ভোঁতা করে দিতে পারে। যদি এই প্রযুক্তির নিয়ন্ত্রণ কোনো ভুল বা অশুভ শক্তির হাতে পড়ে, তবে তা মানবসভ্যতার জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।
এআই দিয়ে ভাইরাস তৈরির এই উজ্জ্বল সম্ভাবনার পিঠেও লুকিয়ে আছে এক গভীর অন্ধকারের ছায়া, যা বিশ্বজুড়ে বিজ্ঞানীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর হেলথ সিকিউরিটির দুই গবেষক টম ইংলেসবি ও মরিৎজ হ্যাঙ্কের মতে, জেনারেটিভ এআই ব্যবহার করে ভাইরাসের জিনোম তৈরির প্রযুক্তি আমাদের হাতে এলেও, তাকে নিরাপদ রাখার কোনো বৈশ্বিক নীতিমালা এখনও তৈরি হয়নি।
এআই মডেল যদি ভুলবশত বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষ, প্রাণী বা উদ্ভিদের জন্য ক্ষতিকর ভাইরাসের জেনেটিক ডেটা নিয়ে কাজ করে, তবে এমন সব নতুন জীবাণু তৈরি হতে পারে, যা মোকাবিলার কোনো অস্ত্র বা প্রতিষেধক মানবজাতির জানা নেই।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের দুই বিজ্ঞানী টম এলিস ও ফিলিপা লেনজোস বলছেন, যদিও বর্তমানে কেবল ক্ষুদ্রতম জিনোম তৈরি করা সম্ভব হয়েছে, কিন্তু জৈব-নিরাপত্তার শক্ত দেয়াল না থাকলে ভবিষ্যতের জন্য এক নিয়ন্ত্রণহীন মহামারির অশনিসংকেত হয়ে উঠতে পারে এই প্রযুক্তি।
যে প্রযুক্তি আজ সুপারবাগের মতো দানবকে বধ করার জন্য ‘ডিজাইনার ভাইরাস’রূপী ব্রহ্মাস্ত্র তৈরি করছে, সেই একই প্রযুক্তি আবার কোনো ভুল হাতে পড়লে জন্ম দিতে পারে এক অপ্রতিরোধ্য ধ্বংসলীলার। এ যেন এক দ্বিধারি তরবারি। একদিকে এই নবসৃষ্ট ভাইরাসগুলো প্রকৃতির নিজস্ব নিয়মের বাইরে গিয়ে অত্যন্ত সুনির্দিষ্টভাবে রোগজীবাণুকে আক্রমণ করতে পারে, যা অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে এক বিরাট ইতিবাচক দিক। অন্যদিকে ঠিক এ কারণেই এটি মূল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে; কারণ যে এআই একটি উপকারী ভাইরাসের নকশা করতে পারে, তাকে নির্দেশ দিলে সে একটি প্রাণঘাতী সুপার-ভাইরাসও তৈরি করতে সক্ষম।
এআইয়ের এই জাগরণ তাই আমাদের সামনে একই সঙ্গে নিরাময়ের অমৃত ও ধ্বংসের হলাহলÑ দুটিই হাজির করেছে। বিজ্ঞানের এই অভূতপূর্ব শক্তিকে কেবল পরীক্ষাগারের চার দেয়ালে বন্দি রাখলেই চলবে না, বরং এর চারপাশে গড়ে তুলতে হবে কঠোর বৈশ্বিক নিয়মনীতি ও নিরাপত্তার দুর্ভেদ্য বলয়। মানবজাতির চূড়ান্ত পরিণতি সম্পূর্ণ নির্ভর করছে মানুষের প্রজ্ঞাপূর্ণ নিয়ন্ত্রণ, দূরদর্শিতা ও গভীর নৈতিকতাবোধের ওপর।