× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গবেষণা

প্রকৃতি সংরক্ষণে মানুষের উদ্যোগ সফল হচ্ছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১১:০৯ এএম

আপডেট : ২৮ জুলাই ২০২৬ ১১:১০ এএম

অস্ট্রিয়ার ফ্লাচের কাছে পুনরুদ্ধার করা জলাভূমি । ছবি: দ্য কনভারসেশন

অস্ট্রিয়ার ফ্লাচের কাছে পুনরুদ্ধার করা জলাভূমি । ছবি: দ্য কনভারসেশন

বিশ্বজুড়ে জীববৈচিত্র্য ধ্বংসের হতাশাজনক খবরের ভিড়ে আশার আলো দেখিয়েছে এক গবেষণা। বিজ্ঞানীরা বলছেন, প্রকৃতি সংরক্ষণে মানুষের নেওয়া উদ্যোগগুলো শুধু কার্যকরই নয়, বরং ক্ষেত্রবিশেষে এগুলো দারুণভাবে সফল। তবে বিশ্বজুড়ে জীববৈচিত্র্যের এই অবক্ষয় পুরোপুরি রোধ করতে হলে প্রকৃতি সংরক্ষণে আরও বিপুল পরিমাণ বিনিয়োগ প্রয়োজন।

প্রকৃতি সংরক্ষণ সংস্থা ‘রি:ওয়াইল্ড’, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেন্ট বিশ্ববিদ্যালয় ও আইইউসিএনের একদল গবেষক প্রায় এক শতাব্দী ধরে বিশ্বজুড়ে পরিচালিত ৬৬৫টি সংরক্ষণ প্রকল্পের ওপর ভিত্তি করে ১৮৬টি গবেষণাপত্র বিশ্লেষণ করেছেন। দ্য কনভারসেশনে এক নিবন্ধে এ বিষয়ে আলোকপাত করেছেন সংশ্লিষ্ট দুই গবেষক জোসেফ বুল ও জ্যাক বিকনেল।

এই গবেষণায় দেখা গেছে, কোনো পদক্ষেপ না নেওয়ার চেয়ে প্রকৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া অন্তত ৬৬ শতাংশ ক্ষেত্রে জীববৈচিত্র্যের উন্নতি করেছে বা এর ধ্বংসের হার কমিয়েছে। সবচেয়ে বড় কথা হলো, আধুনিক যুগে এসে এসব সংরক্ষণ পদ্ধতি দিন দিন আরও বেশি নিখুঁত ও কার্যকর হচ্ছে।

গবেষকরা বিশ্বের বিভিন্ন প্রান্তের বেশ কিছু সফল দৃষ্টান্ত তুলে ধরেছেন। যেমন, ফ্লোরিডায় আগ্রাসী শিকারি প্রাণীদের নিয়ন্ত্রণের ফলে লগারহেড কচ্ছপের প্রজননে তাৎক্ষণিকভাবে ব্যাপক সফলতা পাওয়া গেছে। কঙ্গো অববাহিকায় বন ব্যবস্থাপনা নীতির আওতায় থাকা এলাকাগুলোতে বন উজাড়ের হার ৭৪ শতাংশ পর্যন্ত কমেছে; ব্রাজিলের আমাজনে সংরক্ষিত এলাকা এবং আদিবাসীদের ভূমিতে বন উজাড় ও দাবানলের প্রকোপ উল্লেখযোগ্য হারে কম দেখা গেছে; যুক্তরাষ্ট্রে স্যামন মাছের প্রজনন ঘটিয়ে নদীতে অবমুক্ত করার ফলে প্রাকৃতিক পরিবেশে এদের সংখ্যা বেড়েছে; কোথাও কোথাও মূল লক্ষ্যের বাইরেও অপ্রত্যাশিত সুফল মিলেছে। যেমন, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে সামুদ্রিক অভয়াশ্রম তৈরির ফলে সেখানে অক্টোপাসের মতো শিকারি প্রাণীর সংখ্যা বেড়েছে, যা পুরো ইকোসিস্টেমের খাদ্যশৃঙ্খলের জন্যই ইতিবাচক।

সংরক্ষণ কাজ সফল হওয়া সত্ত্বেও বিশ্বজুড়ে জীববৈচিত্র্য এখনও হুমকির মুখে। এর প্রধান কারণ হলো, প্রয়োজনীয় উদ্যোগ ও অর্থের অভাব। বিশ্বের মোট জিডিপির অর্ধেকের বেশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী একটি সমন্বিত সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নের জন্য বছরে ১৭৮ থেকে ৫২৪ বিলিয়ন ডলার প্রয়োজন। অথচ বর্তমানে বিশ্বে প্রকৃতি সংরক্ষণে বছরে মাত্র ১২১ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়। বিপরীতে, জীবাশ্ম জ্বালানির পেছনে ২০২২ সালেই বিশ্বজুড়ে ভর্তুকি দেওয়া হয়েছে ৭ ট্রিলিয়ন ডলার, যা প্রকারান্তরে প্রকৃতি ধ্বংসেরই অন্যতম প্রধান কারণ। এই ভর্তুকির পরিমাণ প্রকৃতি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ বাজেটের চেয়েও প্রায় ১৩ গুণ বেশি!

সায়েন্স সাময়িকীতে প্রকাশিত উল্লিখিত গবেষণা থেকে প্রতীয়মান হয়, প্রকৃতির পুনরুদ্ধারের বিষয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আমাদের হাতে এখন জীববৈচিত্র্য রক্ষার কার্যকর হাতিয়ার রয়েছে। বিশ্বের সরকারগুলো প্রকৃতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে, এখন প্রয়োজন শুধু সদিচ্ছা ও পর্যাপ্ত বিনিয়োগের। সঠিক ব্যবস্থাপনা ও বড় পরিসরে বিনিয়োগ নিশ্চিত করা গেলে প্রকৃতিকে আবারও তার আপন রূপে ফেরানো সম্ভব।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা