× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের ৩৯ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ২০:২৮ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২ ২১:৫৩ পিএম

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহার জরিপের প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান। ছবি : প্রবা

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহার জরিপের প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান। ছবি : প্রবা

বর্তমানে দেশের ৯০ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। এর মধ্যে ৩৮ দশমিক ৯ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। ইন্টারনেট ব্যবহারে সবচেয়ে পিছিয়ে আছে উত্তরাঞ্চল। সবচেয়ে বেশি ব্যবহারকারী ঢাকা বিভাগে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপে এসব তথ্য এসেছে। 

বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ-২০২২ এর প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে বলা হয়, সরকারি সংস্থাটি দেশের ৩০ হাজার ৮১৬টি খানা থেকে ইন্টারনেট ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছে। এ বছরের ২৯ মে থেকে ২৮ আগস্ট পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়।

বিবিএসের জরিপে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারে ২০১৩ ও ২০২২ সালের তুলনামূলক চিত্রে দেখা যায়, গত ১০ বছরে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে ৩২ দশমিক ২ শতাংশ। ৮ দশমিক ২ শতাংশ বেড়ে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ৮৯ দশমিক ৯ শতাংশ। ১০ বছরে কম্পিউটার ব্যবহার বেড়েছে মাত্র ১ দশমিক ৮ শতাংশ।

জরিপ অনুযায়ী, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার সবচেয়ে কম উত্তরাঞ্চলে। এর মধ্যে রাজশাহী বিভাগে ইন্টারনেট ব্যবহার করে ১৯ দশমিক ৭ শতাংশ মানুষ। ইন্টারনেট ব্যবহারকারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগের ৫৪ দশমিক ২ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে।

দেশের ৯০ শতাংশ মানুষ মুঠোফোন ব্যবহারকারী। এর মধ্যে রংপুর বিভাগেই রয়েছে ৩৪ দশমিক ৮ শতাংশ মুঠোফোন ব্যবহারকারী। তবে কম্পিউটার, ইন্টারনেট, মুঠোফোন ও স্মার্টফোনের ব্যবহার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশাল বিভাগ পিছিয়ে আছে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে। বরিশালের মাত্র ৪ শতাংশ মানুষ কম্পিউটার ব্যবহার করে। সবচেয়ে বেশি (১৫ শতাংশ) কম্পিউটার ব্যবহার করে চট্রগ্রাম বিভাগের মানুষ।  

বিবিএসের ব্যক্তি পর্যায়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের জরিপে বলা হয়েছে, দেশের ৬১ দশমিক ৪ শতাংশ মানুষের নিজস্ব মুঠোফোন রয়েছে। এর মধ্যে ৭২ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৫১ দশমিক ৪ শতাংশ নারী। ব্যক্তি পর্যায়ে স্মার্টফোন ব্যবহার করে প্রায় ৩১ শতাংশ মানুষ। দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করে ৬৮ দশমিক ২ শতাংশ মানুষ। মাত্র ৭ দশমিক ৪ শতাংশ মানুষ কম্পিউটার ব্যবহার করে। নিজস্ব কম্পিউটারের মালিক ৩ দশমিক ৭ শতাংশ। স্মার্টফোনের মালিক ২৭ দশমিক ৩ শতাংশ।

তবে দিনে অন্তত একবার মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহারে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে আছে। এ ছাড়া গ্রামের তুলনায় শহরের মানুষ মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহারে এগিয়ে। স্মার্টফোন ব্যবহারকারীদের প্রায় ৩৫ শতাংশ ১৫ থেকে ৬৪ বছর বয়সী। 

পরিবারভিত্তিক হিসাব অনুযায়ী দেশের প্রায় ৯৭ দশমিক ৪ শতাংশ পরিবারে মুঠোফোন ব্যবহার হয়। এ ছাড়া পরিবারে স্মার্টফোন ব্যবহারের পরিমাণ ৫২ দশমিক ২ শতাংশ। ল্যান্ডফোন ব্যবহার অনেক কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮ শতাংশে। পরিবারে কম্পিউটার ব্যবহারের পরিমাণ ৮ দশমিক ৭ শতাংশ। ইন্টারনেট ব্যবহার হয় ৩৮ দশমিক ১ শতাংশ পরিবারে।

ইন্টারনেট ব্যবহারের বাধা হিসেবে বিবিএসের তথ্যে দেখা যায়, দেশের ৬৩ শতাংশের বেশি মানুষ মনে করে ইন্টারনেটের কোনো প্রয়োজন নেই। এর মধ্যে ৬৪ শতাংশের বেশি গ্রামের এবং শহরের ৫৮ শতাংশ মানুষ রয়েছে। ইন্টারনেট সেবাকে ৪৮ দশমিক ২ শতাংশ মানুষ ব্যয়বহুল মনে করে। এ ছাড়া প্রায় ৩৫ শতাংশ মানুষ জানিয়েছে ইন্টারনেটের ব্যবহারের জন্য যেসব উপকরণ দরকার, সেটাও ব্যয়বহুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা