প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৪:১৯ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫ ১৭:২৪ পিএম
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বছরের প্রতীক্ষিত তালিকা ‘গুগল প্লে বেস্ট অ্যাওয়ার্ডস ২০২৫’ প্রকাশ করেছে গুগল। বিভিন্ন ক্যাটাগরি, ডিভাইস-উপযোগিতা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতার মানদণ্ডে বাছাই করা হয়েছে এ বছরের সেরা অ্যাপ ও গেম। প্রযুক্তির সামগ্রিক প্রবণতা, এআই-চালিত সৃজনশীলতা এবং মাল্টি-ডিভাইস ব্যবহারের বিস্তারে এবারের তালিকায় স্পষ্ট প্রতিফলন মিলেছে।
সেরা অ্যাপ: ফোকাস ফ্রেন্ড – হ্যাঙ্ক গ্রিন
এবারের সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে ‘ফোকাস ফ্রেন্ড – হ্যাঙ্ক গ্রিন’। লেখক ও ইউটিউবার হ্যাঙ্ক গ্রিন তৈরি করেছেন মনোযোগ ধরে রাখার এই বিশেষ অ্যাপটি। স্মার্টফোনে সময় অপচয় কমিয়ে কাজের প্রতি মনোযোগী হতে সাহায্য করে এটি। গেমিফায়েড উপায়ে ব্যবহারকারীকে উৎপাদনশীল থাকতে উৎসাহিত করে অ্যাপটি। বর্তমানে এর রেটিং ৪.৫ এবং ডাউনলোড এক লাখেরও বেশি।
সেরা গেম: পোকেমন টিসিজি পকেট
গেম বিভাগের শীর্ষে রয়েছে ‘পোকেমন টিসিজি পকেট’। পোকেমন ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় কার্ড গেমের এই ডিজিটাল সংস্করণ এখন প্রায় ১৫০টি দেশে খেলা হয়। কার্ড সংগ্রহ, প্যাক ওপেনিং ও ব্যাটল-ভিত্তিক গেমপ্লে ব্যবহারকারীদের কাছে গেমটিকে আরও আকর্ষণীয় করেছে। প্লে স্টোরে এর ডাউনলোড সংখ্যা প্রায় ৫ কোটি এবং রেটিং ৪.৪।
সেরা মাল্টি-ডিভাইস অ্যাপ: লুমিনার ফটো এডিটর
ল্যাপটপ, ট্যাবলেট কিংবা স্মার্টফোন—সব ডিভাইসের একসঙ্গে কাজ করে এমন অ্যাপের মধ্যে সেরা অ্যাপ হয়েছে ‘লুমিনার ফটো এডিটর’।
অ্যান্ড্রয়েড এবং ক্রোম ওএস উভয় প্ল্যাটফর্মে সমান দক্ষতায় কাজ করে। এআই-চালিত টুল, দ্রুত ইমেজ প্রসেসিং এবং ব্যবহারবান্ধব ইন্টারফেসের কারণে ছবি সম্পাদনার কাজে অ্যাপটি ব্যবহারকারীদের কাছে বিশেষভাবে জনপ্রিয়।
সেরা মাল্টি-ডিভাইস গেম: ডিজনি স্পিডস্টর্ম
বছরের সেরা মাল্টি-ডিভাইস গেম নির্বাচিত হয়েছে ‘ডিজনি স্পিডস্টর্ম’। মোবাইল, ট্যাবলেট ও পিসি—সব ডিভাইসে খেলার উপযোগী করে তৈরি করা এই রেসিং গেমটির গ্রাফিক্স, গতিময়তা এবং চরিত্রভিত্তিক ডিজাইন এটিকে আরও আকর্ষণীয় করেছে। অ্যাপটির ডাউনলোড সংখ্যা পেরিয়েছে ১০ লাখ, রেটিং ৪.৫।
অন্যান্য ক্যাটাগরির সেরা অ্যাপগুলো
বিভিন্ন বিশেষায়িত ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে আরও কয়েকটি অ্যাপ। ফান ক্যাটাগরিতে সেরা হয়েছে ইনস্টাগ্রামের ‘এডিটস’। দৈনন্দিন প্রয়োজনীয় অ্যাপ হিসেবে স্বীকৃতি পেয়েছে অডিওবুকভিত্তিক ‘ওয়াইজার’। স্মার্টওয়াচের জন্য সেরা অ্যাপ ‘স্লিপিসোলবিও’, আর বড় স্ক্রিনে ব্যবহারের জন্য সেরা অ্যাপ ‘গুডনোটস’। গাড়ির জন্য সেরা অ্যাপ ‘সাউন্ডক্লাউড’, আর এক্সআর হেডসেটের জন্য শীর্ষে রয়েছে ‘ক্লাম – স্লিপ’।
অন্যান্য ক্যাটাগরির সেরা গেম
গল্পভিত্তিক সেরা গেম হিসেবে নির্বাচিত হয়েছে ‘ডিসকো এলিসিয়াম’। মাল্টিপ্লেয়ার ক্যাটাগরিতে সেরা হয়েছে ‘ডাঙ্ক সিটি ডাইনেস্টি’। ইন্ডি গেম বিভাগে উৎসাহজনক স্বীকৃতি পেয়েছে ‘চ্যান্টস অব সেনার’। আর গুগল প্লে গেমস ফর পিসি বিভাগে সেরা হয়েছে ‘ওডিন: ভালহাল্লা রাইজিং’।