× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাবিশ্বের সবচেয়ে বড় সিমুলেশন উন্মোচন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৬:৪২ পিএম

মহাবিশ্বের সবচেয়ে বড় সিমুলেশন উন্মোচন

মানুষ বহু শতাব্দী ধরে মহাবিশ্বের গঠন, বিস্তার এবং রহস্য বোঝার চেষ্টা করছে। প্রযুক্তির উৎকর্ষে সেই চেষ্টা আজ এক নতুন পর্যায়ে পৌঁছেছে। এবার বিজ্ঞানীরা মহাবিশ্ব নিয়ে গবেষণার জন্য তৈরি করেছেন এক বিশাল সিমুলেশন, যা এর আগে কখনও তৈরি হয়নি। ইউরোপীয় স্পেস এজেন্সির ‘ইউক্লিড স্পেস টেলিস্কোপ’ পরিচালনাকারী ইউক্লিড কনসোর্টিয়াম সম্প্রতি এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় সিমুলেশন উন্মুক্ত করেছে।

আমরা যেমন বিমান চালনার প্রশিক্ষণে ফ্লাইট সিমুলেটর ব্যবহার করি, সেভাবেই বিজ্ঞানীরা এবার পুরো মহাবিশ্বের আচরণ বুঝতে তৈরি করেছেন এই কৃত্রিম মহাবিশ্ব। সিমুলেশনের মাধ্যমে বাস্তবে না গিয়ে বিভিন্ন পরিস্থিতি ও অবস্থান নিয়ে কাজ করা সম্ভব হয়। ফ্লাইট সিমুলেটরে যেমন- আবহাওয়া, গতি, উচ্চতা, দিকনির্দেশ ইত্যাদি অনুকরণ করা হয়, এই মহাজাগতিক সিমুলেশনেও ঠিক তেমনিভাবে ডার্ক ম্যাটার, গ্যালাক্সি গঠন ও মহাবিশ্বের প্রসারণ অনুকরণ করা হচ্ছে।

৩৪০ কোটি গ্যালাক্সি, এক বিশাল কল্পজগত

সিমুলেশনটির নাম ফ্ল্যাগশিপ ২। এটি কোনো সাধারণ মহাজাগতিক মানচিত্র নয়। এখানে একসঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে ৩৪০ কোটির বেশি গ্যালাক্সির তথ্য। মহাবিশ্বের বিস্তৃতি ও বিবর্তন বুঝতে এত বিশাল তথ্য একত্রে সিমুলেট করা আগে কখনও সম্ভব হয়নি।

এই প্রকল্পের পেছনে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জোয়াকিম স্টাডেল। তার নকশা করা জটিল অ্যালগরিদমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সিমুলেশনটি। পুরো প্রক্রিয়াটি পরীক্ষার জন্য ব্যবহার করা হয়েছে বিশ্বের অন্যতম দ্রুততম সুপার কম্পিউটার পিজ ডাইন্ড (Piz Daint)। সিমুলেশনটি চালাতে কম্পিউটারটির ৮০ শতাংশেরও বেশি ক্ষমতা ব্যয় হয়েছেÑ যা থেকেই বোঝা যায় কাজটি কতটা জটিল ও বিশাল পরিসরের।

ইউক্লিড

২০২৩ সাল থেকে মহাবিশ্ব পর্যবেক্ষণ শুরু করে ইউরোপীয় স্পেস এজেন্সির ইউক্লিড স্পেস টেলিস্কোপ। এর কাজ হলো শত শত কোটি গ্যালাক্সির অবস্থান, গঠন এবং গতিবিধি শনাক্ত করা। পাশাপাশি এটি ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের মতো রহস্যময় জিনিস নিয়েও গবেষণা করছে।

এই সিমুলেশনটির উদ্দেশ্য হলোÑ ইউক্লিডের সংগ্রহ করা বাস্তব তথ্যের বিপরীতে দাঁড়িয়ে স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল বা প্রচলিত মহাজাগতিক তত্ত্ব কতটা কার্যকর, তা যাচাই করা। বিজ্ঞানীরা আশা করছেন, এই বিশাল সিমুলেশন থেকে তারা নতুন কিছু ‘অপ্রত্যাশিত’ ফলাফল পেতে পারেন, যা মহাবিশ্বের রহস্য উন্মোচনে সাহায্য করবে।

গবেষক জুলিয়ান অ্যাডামেক লেন জানিয়েছেন, ‘আমরা পর্যবেক্ষণ করছি এই সিমুলেশনটি বাস্তব ইউক্লিড তথ্যের বিপরীতে কতদিন টিকে থাকতে পারে। একই সঙ্গে এটি আমাদের ডার্ক এনার্জির প্রকৃতি সম্পর্কেও গভীর তথ্য দিতে পারে।’

সবচেয়ে নিখুঁত মহাজাগতিক মানচিত্র

বর্তমানে ইউক্লিড তৈরি করছে মহাবিশ্বের সবচেয়ে নিখুঁত ও বিস্তারিত মানচিত্র। এই মানচিত্র শুধুই ছবি বা গ্রাফিক্স নয়, একটি তথ্যভিত্তিক কাঠামো, যার সাহায্যে মহাবিশ্বের বিস্তৃতি ও ভরবণ্টন, এমনকি ভবিষ্যৎ গতিপথ পর্যন্ত বোঝা সম্ভব হতে পারে।

এই সিমুলেশন গবেষকদের এমন কিছু অনুমান পরীক্ষায় সহায়তা করবে যা আগে শুধু তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বিশেষত, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটার- যা মহাবিশ্বের প্রায় ৯৫ শতাংশ অংশ দখল করে আছে, তাদের প্রকৃতি বুঝতে এই ধরনের সিমুলেশন অপরিহার্য হয়ে উঠছে।

বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে আমাদের জ্ঞান এখনও সীমিত। তবে প্রযুক্তি ও বিজ্ঞান আজ সেই সীমা ভেঙে এগিয়ে যাচ্ছে অভাবনীয় গতিতে। ইউক্লিডের এই ফ্ল্যাগশিপ ২ সিমুলেশন আমাদের সামনে খুলে দিচ্ছে নতুন এক বাস্তবতা, যেখানে কল্পনা আর বিজ্ঞান মিলেমিশে ভবিষ্যতের দরজা খুলছে।

বিজ্ঞানীরা বলছেন, এই প্রকল্পের মাধ্যমে আমরা কেবল মহাবিশ্বের গতিপথই নয়, নিজেদের অস্তিত্ব ও স্থান নিয়েও নতুন করে ভাবার সুযোগ পাচ্ছি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা