× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেমোরি ফুল! ডেটা সংরক্ষণ করুন ক্লাউড স্টোরেজে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে আমাদের জীবনের বহু গুরুত্বপূর্ণ তথ্য ও নথিপত্র ডিজিটাল ফরম্যাটে সংরক্ষিত হচ্ছে। কাজের ডকুমেন্ট, ব্যক্তিগত ছবি, ভিডিও এমনকি শিক্ষাগত উপকরণ- সব কিছুই এখন ক্লাউডে সংরক্ষণ করার প্রবণতা বেড়েছে। ক্লাউড স্টোরেজ নিরাপদ তথ্য সংরক্ষণের পাশাপাশি আমাদের কাজকে করেছে আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী। গুগল ড্রাইভ যেমন এই ক্ষেত্রে একটি পরিচিত নাম, তেমনি এর বাইরেও রয়েছে আরও কিছু দারুণ বিকল্প, যেমন- ড্রপবক্স, ওয়ান ড্রাইভ এবং পিক্লাউড।

প্রথমেই আসা যাক গুগল ড্রাইভের কথায়। গুগল ড্রাইভ হলো গুগলের নিজস্ব ক্লাউড স্টোরেজ সেবা, যা ব্যবহারকারীদের ১৫ গিগাবাইট পর্যন্ত বিনামূল্যে স্টোরেজ সুবিধা দেয়। এই স্টোরেজটি জিমেইল, গুগল ডক্স, গুগল ফোটোস ইত্যাদির সঙ্গে ভাগাভাগি করে ব্যবহৃত হয়। গুগল ড্রাইভের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি গুগলের অন্যান্য সেবার সঙ্গে একীভূতভাবে কাজ করে। ব্যবহারকারী চাইলে গুগল ডক্স, শিটস বা স্লাইডস-এ সরাসরি কাজ করতে পারেন এবং অন্যদের সঙ্গে রিয়েলটাইমে সহযোগিতাও করতে পারেন। ফলে শিক্ষার্থী, শিক্ষক কিংবা অফিস কর্মীÑ সবার জন্যই এটি একটি দারুণ প্লাটফর্ম।

তবে গুগল ড্রাইভের বাইরে যারা আরও পেশাদার বা নির্দিষ্ট ফিচারের খোঁজ করেন, তাদের জন্য রয়েছে ড্রপবক্স। এটি অনেকটা পথিকৃতের মতো কাজ করেছে ক্লাউড স্টোরেজ জগতে। ড্রপবক্স-এর প্রধান শক্তি হলো এর দুর্দান্ত ফাইল সিঙ্কিং ক্ষমতা। আপনি যদি একই ফাইল কম্পিউটার, মোবাইল এবং ট্যাবলেটে একসঙ্গে আপডেট করে রাখতে চান, তাহলে ড্রপবক্স হবে সেরা সমাধান। বিশেষ করে যারা দলগতভাবে কাজ করেন যেমনÑ ডিজাইনার, লেখক বা সফটওয়্যার টিম। তাদের জন্য এটি দারুণ এক সহযোগী। ড্রপবক্স-এর ফ্রি সংস্করণে ২ গিগাবাইট জায়গা পাওয়া যায়, তবে পেইড প্ল্যানে এটি ২ টেরাবাইট বা তার চেয়েও বেশি হতে পারে।

অন্যদিকে মাইক্রোসফটের নিজস্ব সেবা ওয়ান ড্রাইভ বিশেষভাবে আকর্ষণীয় তাদের জন্য যারা উইন্ডোস বা মাইক্রোসফট ব্যবহার করেন। এটি উইন্ডোস ১০ এবং ১১-এ বিল্ট-ইন হিসেবে থাকে, তাই আলাদা করে ইন্সটল করার প্রয়োজন পড়ে না। ওয়ান ড্রাইভ-এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদির সঙ্গে সরাসরি যুক্ত থাকে। আপনি চাইলে ক্লাউড থেকেই ফাইল খুলে সম্পাদনা করতে পারেন। এ ছাড়া ওয়ান ড্রাইভ ফাইল রিকভারি এবং র‍্যানসমওয়্যার প্রটেকশনের মতো উন্নত নিরাপত্তা সুবিধাও দেয়। ফ্রি সংস্করণে ৫ গিগাবাইট জায়গা পাওয়া যায়, তবে মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রিপশনের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত জায়গা পাওয়া যায়।

এদিকে পিক্লাউড একটি ইউরোপ-ভিত্তিক ক্লাউড স্টোরেজ সেবা, যার প্রধান আকর্ষণ হলো ‘লাইফটাইম স্টোরেজ’ অপশন। অর্থাৎ আপনি একবার টাকা দিলেই আজীবন সেই জায়গাটি ব্যবহার করতে পারবেনÑ মাসিক বা বাৎসরিক চার্জ ছাড়াই। পিক্লাউড-এর আরেকটি বিশেষ ফিচার হলো ‘পি ক্লাউড ক্রিপটো’, যার মাধ্যমে ব্যবহারকারী নিজেই তার ফাইল এনক্রিপ্ট করে রাখতে পারেন, ফলে তথ্য নিরাপত্তা অনেক বেশি থাকে। এ ছাড়া ভিডিও ও অডিও ফাইল আপনি সরাসরি পিক্লাউড থেকেই চালাতে পারেন, আলাদা করে ডাউনলোড করার প্রয়োজন হয় না।

এই চারটি প্লাটফর্ম গুগল ড্রাইভ, ড্রপবক্স, ওয়ানড্রাইভ ও পিক্লাউডÑ প্রত্যেকটিরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। গুগল ড্রাইভ সহজ ব্যবহার ও ফ্রি স্টোরেজের জন্য জনপ্রিয়; ড্রপবক্স দলগত কাজের জন্য সেরা; ওয়ানড্রাইভ হলো মাইক্রোসফট অফিসের সঙ্গে গভীরভাবে যুক্ত; আর পিক্লাউড নিরাপত্তা ও এককালীন লাইসেন্স চাওয়া ব্যবহারকারীদের জন্য উপযুক্ত।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা