মুহিন তপু
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৬:৩৭ পিএম
বাংলাদেশ এখন এক পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে আছে। প্রচলিত চাকরির বাজারে প্রতিযোগিতা যেখানে দিন দিন কঠিন হয়ে উঠছে, সেখানে অন্যদিকে বিশ্বজুড়ে ডিজিটাল অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর বিশ্বে ক্যারিয়ার গড়তে চাইলে কেবল ডিগ্রি আর সার্টিফিকেটে সীমাবদ্ধ থাকলে চলবে না, দরকার বাস্তব দক্ষতা।
ফ্রিল্যান্সিং, রিমোট জব কিংবা স্টার্টআপ সংস্কৃতিতে সাফল্য পেতে হলে চাই প্র্যাকটিক্যাল ডিজিটাল স্কিল। আর এ কারণেই এই প্রজন্মের তরুণদের জন্য এসব দক্ষতা শেখা আর ‘বাড়তি যোগ্যতা’ নয়, বরং টিকে থাকার অপরিহার্য শর্ত হয়ে উঠেছে।
দুঃখজনক হলেও সত্য, এখনও দেশের বহু তরুণ-তরুণী মানসম্মত প্রশিক্ষণের সুযোগ পান না। তবে আশার আলো দেখা যাচ্ছে দেশীয় কিছু অনলাইন প্লাটফর্মে, যেগুলো ঘরে বসেÑ শুধু একটি মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে ডিজিটাল স্কিল শেখার পথ তৈরি করে দিয়েছে।
চলুন জেনে নিই এমনই কয়েকটি উল্লেখযোগ্য অনলাইন প্লাটফর্ম সম্পর্কে, যারা তরুণদের হাতে তুলে দিচ্ছে দক্ষতার চাবিকাঠি, তাও অনেক সময় একদম বিনামূল্যে।
শিখো
বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এড-টেক কোম্পানিগুলোর একটি শিখো। প্রতিষ্ঠানটি শুরুতে জাতীয় শিক্ষাক্রমভিত্তিক ভিডিও কোর্স দিয়ে যাত্রা শুরু করলেও, এখন তারা দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের দিকে বড় পরিসরে নজর দিচ্ছে। বিশেষ করে চাকরি-বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে যে ধরনের স্কিল দরকারÑ তেমন কোর্সই এখানে অগ্রাধিকার পাচ্ছে।
কোর্সের ধরন
এখানে পাওয়া যায় প্রোগ্রামিং (C, Python), গ্রাফিক্স ডিজাইন, ফিন্যান্সিয়াল লিটারেসি, ডিজিটাল মার্কেটিং, ক্যারিয়ার রেডিনেস, কমিউনিকেশন স্কিল ইত্যাদি কোর্স।
ভাষা
কোর্সগুলো বাংলায় তৈরি হওয়ায় টেকনিক্যাল টার্ম বুঝতে সমস্যা হয় না। প্রতিটি কোর্স ইন্টারঅ্যাকটিভ ভিডিও, কুইজ এবং ট্র্যাকিং সিস্টেমে সাজানো, যা শেখাকে করে আরও আকর্ষণীয় ও ফলপ্রসূ।
সুবিধামতো সময়ে শেখার সুযোগ
শিক্ষার্থীরা নিজের সুবিধামতো সময়ে, নিজের গতি অনুযায়ী শিখতে পারে। এতে করে চাপের মধ্যে না পড়েই শেখা সম্ভব হয়।
মোবাইল-ফ্রেন্ডলি অ্যাপ
শিখো অ্যাপে রয়েছে ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস, যেখানে সহজে কোর্স ব্রাউজ, লেসন কমপ্লিট ট্র্যাকিং এবং প্রগ্রেস রিপোর্ট দেখা যায়।
ওয়েবসাইট: shikho.com
১০ মিনিট স্কুল
২০১৫ সালে যাত্রা শুরু করা ১০ মিনিট স্কুল আজ বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষার প্লাটফর্ম। এর প্রতিষ্ঠাতা আইসিটি উদ্যোক্তা আয়মান সাদিক। শুরুতে এক নো-প্রফিট উদ্যোগ হিসেবে যাত্রা করলেও ধীরে ধীরে এটি হয়ে উঠেছে তরুণদের জন্য একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট প্লাটফর্ম।
বিনামূল্যে শেখার সুযোগ
স্কুল ও কলেজের পাঠ্যবইয়ের ভিডিও, কুইজ, সলিউশন ছাড়াও রয়েছে ফ্রিল্যান্সিং, আইটি স্কিল, সফট স্কিল, পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন টেকনিক, ইন্টারভিউ প্রস্তুতি ইত্যাদি বিষয়।
লাইভ ক্লাস ও রেকর্ডেড লেসনপ্রতি সপ্তাহেই বিভিন্ন বিষয়ের ওপর লাইভ সেশন হয়, যেখানে সরাসরি প্রশ্ন করা যায়। পাশাপাশি রেকর্ডেড ভিডিও থাকায় যেকোনো সময় দেখা যায়।
প্রশিক্ষক প্যানেল
অভিজ্ঞ শিক্ষকদের পাশাপাশি তরুণ সফল ফ্রিল্যান্সার, সফট স্কিল ট্রেইনার এবং একাডেমিক বিশেষজ্ঞরা কোর্স পরিচালনা করেন।
মোবাইল ও ওয়েব অ্যাক্সেস
অ্যাপ ও ওয়েবসাইট- দুটো থেকেই সহজেই শেখা যায়। ট্যাগ, ক্যাটাগরি ও সার্চ ফিচার খুবই কার্যকর।
ওয়েবসাইট: 10minuteschool.com
বহুব্রীহি
যারা একটু প্রফেশনাল ধাঁচে শেখার অভিজ্ঞতা চান এবং কোর্স শেষ করে হাতে-কলমে দক্ষতা অর্জন করতে চান, বহুব্রীহি তাদের জন্য একটি শক্তিশালী অনলাইন প্লাটফর্ম। বাস্তব কাজে লাগানোর মতো স্কিল শেখানোই এদের মূল লক্ষ্য।
ব্যবহারিক (হ্যান্ডস-অন) প্রশিক্ষণ
প্রতিটি কোর্সে থাকে রিয়েল-ওয়ার্ল্ড প্রজেক্ট। যেমন- একটি রেসিপি অ্যাপ তৈরি, ফাইভার/আপওয়ার্ক প্রোফাইল সেটআপ, ইউআই ডিজাইন প্রকল্প, ইত্যাদি।
কোর্স টপিক
ওয়েব ডেভেলপমেন্ট, ড্যাঙ্গো পাইথন জাভাস্ক্রিপ্ট ডিজিটাল মার্কেটিং প্রভৃতি বিষয়ে গভীর ও কাঠামোবদ্ধ কোর্স।
সাপোর্টিভ লার্নিং কমিউনিটি
প্রতিটি কোর্সের শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা ফোরাম ও ফেসবুক গ্রুপ, যেখানে তারা প্রশ্ন করতে পারে, সহযোগিতা পায়।
সার্টিফিকেট ও ক্যারিয়ার গাইড
কোর্স শেষ করলে পাওয়া যায় সার্টিফিকেট, যা ফ্রিল্যান্সিং প্রোফাইলে বা চাকরির আবেদনে যোগ করা যায়।
ওয়েবসাইট: bohubrihi.com
কোর্সেরা
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় ও কোম্পানির সঙ্গে পার্টনারশিপে গড়ে ওঠা কোর্সেরা, এখন গ্লোবাল লার্নারদের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য অনলাইন প্লাটফর্মগুলোর একটি। এখানে শেখা যায় একেবারে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কোর্স, যা ফ্রিল্যান্সিং, রিমোট জব কিংবা একাডেমিক গবেষণার জন্যও অত্যন্ত কার্যকর।
অ্যাডভান্সড ও সার্টিফায়েড কোর্স
এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং, ইউআই/ইউএক্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটিÑ এমন সব হাই ডিমান্ড স্কিল শেখানো হয়, যাতে রয়েছে গুগল, মেটা, আইবিএমের অফিসিয়াল সার্টিফিকেট।
বিশ্বমানের প্রতিষ্ঠান
কোর্সগুলো অফার করে Stanford, MIT, Harvard, Duke, Yale, Google, Meta, AWS প্রভৃতি প্রতিষ্ঠান।
ফ্রি অডিট ও স্কলারশিপ
অধিকাংশ কোর্সে রয়েছে Audit Mode, যেখানে আপনি কনটেন্ট বিনামূল্যে দেখতে পারেন। চাইলে Financial Aid চেয়ে ফ্রি সার্টিফিকেটও পেতে পারেন।
প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট ও প্রজেক্ট
শেখার পাশাপাশি শিক্ষার্থীরা রিয়েল-লাইফ প্রজেক্টে কাজ করে, যার ফলাফল LinkedIn প্রোফাইলে যোগ করে চাকরির সম্ভাবনা বাড়াতে পারেন।
ওয়েবসাইট: coursera.org
শেষের আগে
আজকের তরুণরা শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে নয়, বরং বাস্তব জগতের স্কিল অর্জন করেই সামনে এগোতে পারে। আর এই স্কিল শেখার সুযোগ এখন হাতের মুঠোয়।
নতুন চাকরির বাজারে টিকে থাকতে হলে, শুধু ডিগ্রির পেছনে না ছুটে, সময় এসেছে নিজের দক্ষতা নিয়ে কাজ করার। কারণ আগামী দিনের প্রতিযোগিতা আর সফলতাÑ জ্ঞান নয়, দক্ষতার ভিত্তিতেই নির্ধারিত হবে।