× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফল্য

ক্যাম্পাসের জন্য তিন উস্তাদের সোশ্যাল মিডিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৫ ১৭:০৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তরুণদের উদ্ভাবনী শক্তি এখন আর শুধু ভাবনায় সীমাবদ্ধ নয়- সেটি রূপ নিচ্ছে বাস্তব প্লাটফর্মেও। এমনই এক নজির গড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিন তরুণ শিক্ষার্থী। নিজেদের বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তারা গড়ে তুলেছেন একটি সম্পূর্ণ নিজস্ব সামাজিক মাধ্যম, যার নাম দিয়েছেন ‘বাউব্রেনিয়াম’।

এই অভিনব উদ্যোগের পেছনে রয়েছে ‘তিন উস্তাদ’ নামের একটি দল, যার সদস্য একেএম ফজলে হাসান, মো. ফাহাদ হাসান এবং মোহাম্মদ দিদারুল আনোয়ার। তিনজনই কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীন বায়োইনফরমেটিকস প্রকৌশল বিভাগের শিক্ষার্থী।

প্রথমে বিশ্ববিদ্যালয়ের বাস ট্র্যাকিংয়ের জন্য একটি জিপিএস সিস্টেম তৈরির ভাবনা থেকেই শুরু হয় যাত্রা। কিন্তু এরপরই তারা ভাবেন আরও বৃহত্তর কিছু করারÑ একটি এমন প্লাটফর্ম, যেখানে প্রযুক্তি ছাড়াও শিক্ষার্থীদের আবেগ, অভিজ্ঞতা এবং সম্পর্কের জায়গা তৈরি হবে। সেখান থেকেই জন্ম নেয় ‘বাউব্রেনিয়াম’।

‘বাউব্রেনিয়াম’ শুধু বার্তা বিনিময়ের বা পোস্ট করার জায়গা নয়; এটি একটি ডিজিটাল কমিউনিটি। যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও সাবেকরা যুক্ত হতে পারেন একটি অভিন্ন ছাতার নিচে। কেউ অনুপ্রেরণার গল্প বলবেন, কেউ জানাবেন বিদেশে উচ্চশিক্ষার অভিজ্ঞতা, আবার কেউ খুঁজে নেবেন নিজের ক্যারিয়ারের দিক। উদ্যোক্তারা এটিকে একটি ‘ডিজিটাল বুদ্ধিকেন্দ্র’ হিসেবে গড়ে তুলতে চান।

এই প্লাটফর্মে রয়েছে ব্যক্তিগত প্রোফাইল তৈরি ও আপডেটের সুবিধা, বন্ধুদের সিক্রেট মেসেজ পাঠানোর অপশন, শিক্ষকদের মূল্যবান পরামর্শ পোস্ট করার সুযোগ, অভিজ্ঞতা ভাগাভাগি করা এবং গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের ব্যবস্থা। ভিডিও আপলোডের অপশন না থাকলেও ভবিষ্যতে এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রযুক্তিগত দিক থেকে এটি গড়া হয়েছে স্ট্যান্ডার্ড ওয়েব টেকনোলজি যেমনÑ HTML5, CSS3, JavaScript এবং PHP দিয়ে। ডেটাবেজ হিসেবে ব্যবহার করা হয়েছে MySQL।

প্রতিষ্ঠাতাদের ভাষ্যমতে, ৯ মে রাত ১০টায় বাউব্রেনিয়ামের বেটা ভার্সন চালু হওয়ার পর এখন পর্যন্ত ৪০০-এর বেশি ব্যবহারকারী এতে যুক্ত হয়েছেন। প্রাথমিকভাবে উন্মুক্ত রেজিস্ট্রেশন রাখা হলেও ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ই-মেইল যাচাই এবং বিভাগীয় প্রতিনিধিদের মাধ্যমে ব্যবহারকারীদের সত্যতা নিশ্চিত করার পদ্ধতি চালু করা হবে।

তথ্য সুরক্ষায়ও বাড়তি নজর দিয়েছে দলটি। ব্যবহারকারীর ডেটা অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত রাখা হয়েছে এবং স্থানীয় সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে যাতে ডেটা লিক বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের ঝুঁকি কমে।

ভবিষ্যৎ পরিকল্পনা আরও বিস্তৃত। উদ্যোক্তারা জানাচ্ছেন, ভবিষ্যতে এতে যুক্ত হবে ক্লাস রুটিন, বাস ট্র্যাকিং, একাডেমিক ক্যালেন্ডার, চাকরি ও ইন্টার্নশিপ বিজ্ঞপ্তি, গবেষণা সহযোগিতা, বিভাগভিত্তিক আলোচনা এবং উপদেষ্টা প্যানেল।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মেছবাহ উদ্দিন বলেন, ‘বাউব্রেনিয়াম একটি সময়োপযোগী উদ্যোগ। এটি একাডেমিক, ক্যারিয়ার ও গবেষণার জায়গায় শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও কার্যকর প্লাটফর্ম হয়ে উঠতে পারে, যদি তথ্য যাচাই ও সুরক্ষা যথাযথভাবে নিশ্চিত করা যায়।’

বর্তমানে প্রাথমিক পর্যায়ে থাকলেও, ‘তিন উস্তাদ’-এর এই উদ্যোগ শুধু বাকৃবির জন্য নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ‘ডিজিটাল ক্যাম্পাস কমিউনিটি’র অনুপ্রেরণা হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা