নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২২ ২১:০০ পিএম
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন) দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়।
নির্বাচনে বর্তমান কার্যনির্বাহী পরিষদের ছয়জন এবং নতুন প্রার্থীদের মধ্য থেকে তিনজন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।
এবার ভোট গ্রহণের হার ৭৬ শতাংশ। ই-ক্যাবের ৭৯৫ ভোটারের মধ্যে এবার ভোট দিয়েছেন ৬১১ জন। প্রক্রিয়াগত বিভিন্ন ত্রুটির কারণে বাতিল হয়েছে ১০টি ভোট।
গত ২৮ মার্চ ক্যাবর নির্বাচনের তফসিল ঘোষিত হয়। ৩১ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রাপ্ত ভোটের ক্রমানুসারে বিজয়ীরা হলেন- সৈয়দা আম্বারিন রেজা, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, শমী কায়সার, আসিফ আহনাফ, শাহরিয়ার হাসান, নাছিমা আক্তার নিশা, মোহাম্মদ সাহাব উদ্দিন, মো. সাইদুর রহমান ও মো. ইলমুল হক।
বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে ভোটারদের ভিড় দেখা যায়। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
নির্বাচন পরিচালনা করেন নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও এফবিসিসিআইর সহসভাপতি আমিন হেলালী। সদস্য ছিলেন আব্দুর রাজ্জাক ও বজলুর রহমান। প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোট গ্রহণ সম্পন্ন হলে পরে প্রতিনিধিদের সামনে ভোট গোনা হয়।
নির্বাচন পর্যবেক্ষণে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের প্রতিনিধিসহ ৪০ জন পর্যবেক্ষক বিভিন্ন সময়ে নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় আপিল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আমিন হেলালী বলেন, অত্যন্ত আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছেন। ভোট ব্যবস্থাপনায় পর্যাপ্ত বুথ ও নির্বাচন কর্মকর্তাকে সম্পৃক্ত করা হয়। ফলে ভোটাররা দীর্ঘসময়ে লাইনে দাঁড়ানো ছাড়াই ভোট দিতে পেরেছেন।
উল্লেখ্য বাণিজ্য সংগঠন বিধি ও নির্বাচনের তফসিল অনুসারে নির্বাচনের ফলাফলের বিষয়ে কারও আপত্তি থাকলে তা ২১ জুনের মধ্যে জানাতে হবে। কোনো আপত্তি জমা পড়লে তার ওপর শুনানি হবে আগামী শনিবার (২৫ জুন) এবং শুনানি শেষে চূড়ান্ত ফল প্রকাশিত হবে আগামী রোববার (২৬ জুন)।
আপিল বোর্ডে রয়েছেন সাবেক শিক্ষা ও আইসিটি সচিব নজরুল ইসলাম খান, সদস্য দেলোয়ার হোসেন খান রাজিব ও হারুনুর রশিদ।