ওপেন সোর্স কোডিং কালচার
মুহিন তপু
প্রকাশ : ১৩ মে ২০২৫ ১৬:১৯ পিএম
ছবি : সংগৃহীত
বর্তমান বিশ্বের প্রযুক্তি অগ্রগতির পেছনে অন্যতম বড় চালিকাশক্তি হলো ওপেন সোর্স সফটওয়্যার ও কমিউনিটি কালচার। লিনাক্স, ফায়ারফক্স, অ্যান্ড্রয়েড, ব্লেন্ডার, ভিএস কোডের মতো অসংখ্য সফল প্ল্যাটফর্ম আজ ওপেন সোর্স দর্শনের ফল। অথচ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই সংস্কৃতি এখনও প্রাতিষ্ঠানিকভাবে গড়ে ওঠেনি। প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য এটি একটি বড় বাধা। বিশ্ববিদ্যালয় পর্যায়েই যদি শিক্ষার্থীদের মধ্যে ওপেন সোর্স কালচার ও অবদান রাখার অনুশীলন গড়ে না ওঠে, তাহলে তারা গ্লোবাল টেক ইকোসিস্টেম প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।
ওপেন সোর্স
ওপেন সোর্স বলতে এমন সফটওয়্যার বা কোডকে বোঝায়, যা যেকোনো ব্যক্তি দেখতে, পরিবর্তন করতে ও উন্নয়ন করতে পারেন। এর মূল ভিত্তি হলো সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং উন্মুক্ত উদ্ভাবন। ওপেন সোর্স সফটওয়্যার সাধারণত GitHub, GitLab, Bitbucket-এর মতো প্ল্যাটফর্মে পাওয়া যায়, যেখানে শত শত, কখনও হাজারো মানুষ একসঙ্গে একটি প্রজেক্টে কাজ করেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ওপেন সোর্স যে কারণে জরুরি
ইন্ডাস্ট্রি রেডিনেস : বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি যেমন Google, Meta, Microsoft কিংবা RedHat খুঁজে দেখে একজন প্রার্থী ওপেন সোর্সে কীভাবে অবদান রেখেছেন। এটি একজন শিক্ষার্থীর দক্ষতা, প্র্যাকটিক্যাল জ্ঞান এবং টিমওয়ার্ক বোঝায়।
প্রকৃত অভিজ্ঞতা : একাডেমিক কোর্সে যে থিওরি শেখানো হয়, ওপেন সোর্স প্রজেক্টে কাজ করার মধ্য দিয়ে শিক্ষার্থীরা বাস্তব সমস্যা সমাধানে অভিজ্ঞতা অর্জন করে।
কমিউনিটি বিল্ডিং : ওপেন সোর্স কমিউনিটি এমন এক প্ল্যাটফর্ম, যেখানে দেশ-বিদেশের ডেভেলপাররা একে অপরের সঙ্গে যুক্ত থাকেন। এটি আন্তর্জাতিক মানের নেটওয়ার্কিং ও শেখার সুযোগ তৈরি করে।
ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ : অনেক ওপেন সোর্স প্রজেক্টে অবদান রাখার ভিত্তিতে গ্লোবাল কোম্পানিগুলো সরাসরি ইন্টার্নশিপ বা চাকরির অফার দেয়। Google Summer of Code (GSoC), Outreachy, MLH Fellowship তার বড় উদাহরণ।
নিজস্ব উদ্ভাবন ও উদ্যোগ : ওপেন সোর্স কালচার শিক্ষার্থীদের নতুন কিছু তৈরিতে উৎসাহিত করে। স্টার্টআপ সংস্কৃতির ভিত্তিও এখান থেকেই তৈরি হয়।
দেশে কিছু শিক্ষার্থী বা প্রাইভেট ইনিশিয়েটিভ ওপেন সোর্সে কাজ করছে, যেমন :
OSCN (Open Source Community of NSU), BdOSN (Bangladesh Open Source Network) বিভিন্ন হ্যাকাথন ও কোডিং কমিউনিটির মাধ্যমে ওপেনসোর্স নিয়ে কাজ করছে।
তবে এখন পর্যন্ত কোনো সরকারি বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠ্যক্রমে এটি অন্তর্ভুক্ত হয়নি। অধিকাংশ শিক্ষার্থী GitHub সম্পর্কে জানলেও কনট্রিবিউট করতে জানে না বা ভয় পায়। ইংরেজিতে কনফিডেন্সের অভাব, কোড রিভিউয়ে ভয় এবং গাইড করার মতো অভিজ্ঞ মেন্টরের অভাব এই চর্চাকে বাধাগ্রস্ত করছে।
যেভাবে শুরু করা যায়
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ওপেন সোর্স ক্লাব গঠন; Git, GitHub ও ওপেন সোর্স লাইসেন্সিং বিষয়ে কর্মশালা; শিক্ষকদের মাধ্যমে মেন্টরিং সাপোর্ট; ছাত্রছাত্রীদের প্রকল্প ওপেন সোর্স হিসেবে প্রকাশে উৎসাহ দেওয়া; বিশ্ববিদ্যালয়ের কোর্সে অন্তত একটি ওপেন সোর্স প্রজেক্ট সংযুক্ত করা। এভাবে ওপেন সোর্স কালচার চর্চা শুরু করা যায়।
শেষের আগে
ওপেন সোর্স শুধু সফটওয়্যার নয়, এটি একটি জ্ঞান ও উদ্ভাবনের আন্দোলন। বাংলাদেশকে প্রযুক্তিতে শক্তিশালী করতে হলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই সংস্কৃতি গড়ে তোলা জরুরি। প্রযুক্তি শিক্ষার্থীদের শুধু পরীক্ষার জন্য না, বাস্তব উদ্ভাবনের জন্য প্রস্তুত করলেই দেশের টেক ইকোসিস্টেম এগিয়ে যাবে।