ভবিষ্যতের টেকনোলজি
ফাতেমা নূর
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ ১৯:০৫ পিএম
ছবি : সংগৃহীত
লিথিয়াম-সালফার ব্যাটারি আরও কার্যকর ও দীর্ঘস্থায়ী করে তুলতে অভিনব এক উপায় খুঁজে পেয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির (WSU) একদল গবেষক। তারা ভুট্টার প্রোটিন ব্যবহার করে এমন একটি উপাদান তৈরি করেছেন যা ব্যাটারির স্থায়িত্ব ও নিরাপত্তা বাড়াতে সহায়তা করে।
লিথিয়াম-সালফার ব্যাটারিকে পরিবেশবান্ধব, সাশ্রয়ী এবং শক্তিশালী বিকল্প হিসেবে ধরা হলেও এখন পর্যন্ত এটি বাণিজ্যিকভাবে খুব বেশি ব্যবহৃত হয়নি। এর প্রধান দুই সমস্যা হলো সালফার উপাদানের লিক বা ‘শাটল ইফেক্ট’ এবং লিথিয়াম ডেনড্রাইট গঠন, যা ব্যাটারিকে ক্ষতিগ্রস্ত ও বিপজ্জনক করে তোলে।
এ সমস্যাগুলোর সমাধান হিসেবে গবেষকরা ভুট্টার প্রোটিন দিয়ে তৈরি করেছেন এক ধরনের নতুন বিভাজক (separator)। এটি ব্যাটারির মাঝখানে বসে রক্ষাকবচের মতো কাজ করে; সালফার লিক আটকায় এবং ডেনড্রাইট গঠনের ঝুঁকি কমায়।
পরীক্ষামূলকভাবে তৈরি ছোট আকৃতির ব্যাটারিতে দেখা গেছে, এ প্রযুক্তি ৫০০ বার চার্জ দেওয়ার পরও ভালো পারফরম্যান্স ধরে রাখতে সক্ষম। গবেষণা দল জানায়, ভুট্টা প্রোটিনের অ্যামিনো অ্যাসিড ব্যাটারির অভ্যন্তরীণ উপাদানের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে, ফলে আইনের প্রবাহ উন্নত হয় ও ব্যাটারি আরও স্থায়ী হয়।
প্রধান গবেষক অধ্যাপক কেটি ঝং বলেন, এটি সহজ, কার্যকর এবং পরিবেশবান্ধব সমাধান। গবেষণার ফল ইতোমধ্যে ‘সায়েন্স ডাইরেক্ট’ জার্নালে প্রকাশিত হয়েছে। ভবিষ্যতের ব্যাটারি প্রযুক্তিতে এটি বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।