প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৫:২৬ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫ ১৯:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্বে ‘প্রথমবারের মতো’ সম্পূর্ণ স্বচালিত বা অটোনোমাস এআই মডেল তৈরি করেছে চীন। এমনই দাবী করছেন চীনের এআই গবেষকরা। ‘মানুস’ নামের এআই মডেলটি সম্পত্তি কেনা, ছুটির দিনগুলোতে ঘুরতে যাওয়ার জন্য বুকিং দেওয়া ও ভিডিও গেইম তৈরি’সহ নানা পরিসরের কাজ করতে পারবে। খবর ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
চীনা কোম্পানি ‘বাটারফ্লাই ইফেক্ট’-এর মাধ্যমে তৈরি ‘মানাস’ চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের সবচেয়ে উন্নত বিভিন্ন এআই মডেলকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ অটোনোমাস এআইয়ের সক্ষমতা দেখাতে এক ভিডিও পোস্ট করে মানাস-এর সহ প্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী ইচাও জি বলেন, ‘এআইয়ের পরবর্তী বিবর্তন হচ্ছে মানুস।এটি কেবল আরেকটি চ্যাটবট বা ওয়ার্কফ্লো নয়, এটি সত্যিকারের অটোনোমাস এজেন্ট, যা ধারণা ও তা বাস্তবায়নের মধ্যে ব্যবধান কমিয়ে আনবে। যেখানে অন্যান্য এআই ধারণা তৈরি করতে থেমে যায়, সেখানে ফলাফল দিতে পারবে মানুস।’
এ বিষয়ে এআই নীতি গবেষক ডিন বল এটিকে ‘এআই ব্যবহার করে এমন পরিশীলিত এক কম্পিউটার’ হিসেবে বর্ণনা করেছেন।
এআই প্ল্যাটফর্ম ‘হাগিং ফেইস’-এর পণ্য প্রধান ভিক্টর মাস্টার
মানাসকে এর ক্ষমতার দিক থেকে ‘অসাধারণ’ হিসেবে বর্ণনা করেছেন ।
তবে এ এআই এখনও সবার ব্যবহারের জন্য উন্মুক্ত নয়। কেবল কিছু ব্যবহারকারী এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।