প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫২ পিএম
ছবি : সংগৃহীত
গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর কোডিং টুল ‘জেমিনি কোড অ্যাসিস্ট’ এর নতুন সংস্করণ চালু করেছে, যা সাবস্ক্রিপশন ছাড়াই বিনা মূল্যে ব্যবহার করা যাবে। শিক্ষার্থী ও স্বাধীন ডেভেলপারদের সমর্থন দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেমিনি কোড অ্যাসিস্ট ডেভেলপারদের কোড তৈরি করতে সাহায্য করে, এবং এর নতুন সংস্করণে গুগলের উন্নত জেমিনি ২.০ মডেল ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এই টুলটির ফ্রি সংস্করণ ব্যবহার করতে পারবেন, যা আগে কেবল পেইড সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য ছিল। নতুন সংস্করণটি এআইভিত্তিক কোডিং সুবিধাগুলো আরও ব্যাপকভাবে পৌঁছে দেবে। জেমিনি কোড অ্যাসিস্ট প্ল্যাটফর্মটি কোড ব্লক তৈরি, কোড স্নিপেট সম্পূর্ণ করা এবং ডিবাগিংসহ বিভিন্ন কোডিং কাজের সহায়তা প্রদান করবে।
এটি সব পাবলিক-ডোমেন প্রোগ্রামিং ভাষা সমর্থন করে এবং ভিজ্যুয়াল স্টুডিও কোড, গিটহাব, জেটব্রেইন্স, ফায়ারবেস, অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো জনপ্রিয় আইডিই-র সাথে কাজ করতে পারে। এ ছাড়া, ফ্রি সংস্করণটি প্রতি মাসে সম্পূর্ণ ১ লাখ ৮০ হাজার কোড কমপ্লিকেশন পাওয়া যাবে। এ ছাড়া গিটহাবের সঙ্গে একত্রিত হয়ে টুলটি কোড রিভিউ সহজ করে দেয়।
জেমিনি কোড অ্যাসিস্টের এই সংস্করণটি শিক্ষার্থী, স্বাধীন ডেভেলপার এবং ছোট প্রকল্পে কাজ করা ব্যক্তিদের জন্য শক্তিশালী এআই কোডিং সুবিধা প্রদান করে, বিশেষত যারা প্রিমিয়াম টুলসের জন্য বাজেট বরাদ্দ করতে পারেন না। গিটহাব কোপাইলটের তুলনায় এটি অধিক কনটেক্সট উইন্ডো এবং বেশি কোড কমপ্লিকেশন সীমা প্রদান করে, যা ডেভেলপারদের কোডিং কাজ আরও সহজ ও কার্যকর করে।
যদিও ফ্রি ভার্সনে অনেক আকর্ষণীয় ফিচার রয়েছে। তবে এতে স্ট্যান্ডার্ড এবং এন্টারপ্রাইজ সংস্করণের তুলনায় কিছু উন্নত ফিচারের অভাব রয়েছে। এই পেইড সংস্করণগুলো ব্যবসা কেন্দ্রিক টুলস যেমন: উৎপাদনশীলতা পরিসংখ্যান, গুগল ক্লাউড সার্ভিস ইন্টিগ্রেশন এবং প্রাইভেট কোড ডেটা সোর্স ব্যবহার করে এআই উত্তর কাস্টমাইজ করার ক্ষমতা প্রদান করে। এজন্য ফ্রি ভার্সনটি একক ডেভেলপারদের জন্য আদর্শ, বড় প্রতিষ্ঠান বা সংস্থাগুলোর জন্য নয়।
ডেভেলপাররা সহজেই তাদের ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট দিয়ে জেমিনি কোড অ্যাসিস্টের ফ্রি ভার্সনে লগইন করতে পারেন। টুলটি বিভিন্ন আইডি যেমন: ভিজ্যুয়াল স্টুডিও কোড, জেটব্রেইন্স এবং গিটহাবের মধ্যে কাজ করে।