প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২১ পিএম
ছবি : সংগৃহীত
গুগল জিমেইল ব্যবহারকারীদের জন্য আসছে একটি বড় নিরাপত্তা আপডেট, যার ফলে পরিবর্তন হতে পারে কোটি ইমেইল অ্যাকাউন্টের লগইন পদ্ধতি। বর্তমানে ব্যবহারকারীদের পরিচয় যাচাই করতে এসএমএস বার্তা পাঠানো হলেও, গুগল আগামী কয়েক মাসের মধ্যে এই পদ্ধতিটি ধীরে ধীরে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর বদলে, গুগল নতুন একটি কিউআর কোড সিস্টেম চালু করবে, যা ব্যবহারকারীরা তাদের ফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করতে পারবেন। খবর ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
বিশ্বজুড়ে প্রায় একশ ৮০ কোটি জিমেইল ব্যবহারকারীর জন্য ‘টু স্টেপ’ ভেরিফিকেশন বাধ্যতামূলক হয়ে উঠেছে, যেখানে এসএমএস টেক্সট বার্তা ব্যবহার করে গুগল নিশ্চিত করে যে, ব্যবহারকারী নিজেই সেবাটি ব্যবহার করছেন।
এ পদ্ধতিটি পাসওয়ার্ডের চেয়ে অনেক বেশি নিরাপদ হলেও প্রতারকরা এই নিরাপত্তা ফিচারটিকে বাইপাস করার নানা উপায় বের করেছে বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
এসব পদ্ধতির মধ্যে অন্যতম হচ্ছে ফিশিংয়ের মাধ্যমে সাইবার হামলা চালানো, যেখানে সাইবার অপরাধীরা গুগল বা তাদের মোবাইল সেবাদাতা কোম্পানির কেউ বলে পরিচয় দিয়ে ব্যবহারকারীদের নিরাপত্তা কোড শেয়ার করতে বাধ্য করে।
গুগল বলেছে, এসএমএস ভেরিফিকেশন কোড যে ডিভাইসে পাঠানো হয় সেখানে ব্যবহারকারীদের প্রবেশাধিকার না থাকায় সমস্যাও দেখা দিয়েছে।
গুগলের নিরাপত্তা ও প্রাইভেসি বিষয়ের কর্মকর্তা রস রিচেনড্রফার বলেছেন, ‘আমরা পাসওয়ার্ডের বদলে নতুন নতুন নিরাপত্তা পদ্ধতি আনতে চাই, আর এসএমএস বার্তা পাঠানো থেকেও সরে আসতে চাইছি।’ তিনি আরও বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে আমরা নতুন করে চিন্তা করব কীভাবে আপনার ফোন নম্বর যাচাই করা যায়। এক্ষেত্রে আপনার নম্বরটি প্রবেশ করানো ও ছয় সংখ্যার কোড পাওয়ার বদলে আপনি একটি কিউআর কোড দেখতে পাবেন, যেটিকে ফোনের ক্যামেরা অ্যাপ দিয়ে স্ক্যান করতে পারবেন। ব্যবহারকারীদের ক্ষতিকর কার্যকলাপ থেকে নিরাপদ রাখার জন্য উদ্ভাবনী এক নতুন পদ্ধতি চালু করতে পেরে আমরা খুবই আনন্দিত।’