প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫০ পিএম
ছবি : সংগৃহীত
এআই প্রযুক্তি এখন হাতি শিকার ঠেকানোর কাজে ব্যবহৃত হচ্ছে। গবেষকরা নতুন একটি এআই টুল তৈরি করেছেন, যা হাতির চলাচল ও শিকার সম্পর্কিত ঝুঁকি পূর্বাভাস দিতে পারে। ‘পোচনেট’ নামের এই টুলটি হাতির জিপিএস ডেটা এবং তাদের আচরণগত তথ্য ব্যবহার করে বিপজ্জনক এলাকাগুলোর ওপর নজর রাখে।
গবেষকরা দাবি করছেন, এই সিস্টেমটি মালয়েশিয়ার সাবাহ অঞ্চলে চোরা শিকার ঠেকাতে সহায়ক হবে। বিশেষ ধরনের সিকোয়েন্সিয়াল নিউরাল নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে পোচনেট শিকারের সম্ভাবনা পূর্বাভাস দিতে সক্ষম, যা পূর্বের পদ্ধতিগুলোর চেয়ে আরও কার্যকরী। পোচনেট দিয়ে হাতি চলাচলের ওপর নজর রাখার পাশাপাশি চোরাশিকার বিরোধী কার্যক্রমেও সহায়তা মিলবে, বিশেষ করে মোশন অ্যাক্টিভেটেড ক্যামেরা ট্র্যাপ স্থাপনের মাধ্যমে।
কার্ডিফ ইউনিভার্সিটি’র স্কুল অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেটিকস-এর গবেষক ড. নাইমা হামেদ এ বিষয়ে বলেন, ‘হাতির চলাচলের পূর্বাভাস দেওয়ার জন্য এ জিপিএস ডেটায় বিশেষ ধরনের এআই অর্থাৎ সিকোয়েন্সিয়াল নিউরাল নেটওয়ার্ক দিয়ে বিশ্লেষণ করা হয়েছে, যেখানে অর্থবহ উপায়ে এআইয়ের নলেজ গ্রাফে যোগ করা হয়েছে এসব পূর্বাভাসকে। তারপরে পোচনেট এক নিয়মমাফিক সিস্টেম ব্যবহার করে শিকারের নিয়ম প্রয়োগ করে ও ডেটাতে লুকানো প্যাটার্ন শনাক্ত করে। আমাদের পরীক্ষায়, অন্যান্য পদ্ধতির চেয়ে আরও নির্ভুল তথ্য দিয়েছে পোচনেট। ধারাবাহিকভাবে এটি আরও ভাল কাজ করেছে এখন।’
গবেষকরা বলছেন, বন্দুকের গুলি বা গাড়ির শব্দ শনাক্ত করার জন্য অ্যাকিউস্টিক সেন্সর, প্রাণীদের আবাসের পরিবর্তন ও মানুষের কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য স্যাটেলাইটের ছবি ও অপরাধ গোয়েন্দা তথ্য একসঙ্গে করে পোচনেট-এর কার্যকারিতা বাড়ানো যেতে পারে।