প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৭ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৮ পিএম
ছবি : সংগৃহীত
ইলেকট্রিক গাড়ি নির্মাতা বিওয়াইডি বাংলাদেশে তাদের নতুন সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি ‘বিওয়াইডি সিলায়ন ৬’ উন্মোচন করেছে। এই গাড়ির ১৮.২ কিলোওয়াট ব্যাটারি একবার চার্জ করলে তা দিয়ে গাড়িটি ১ হাজার কিলোমিটার চলবে বলে দাবি করেছে বিওয়াইডি।
রাজধানীর তেজগাঁওয়ে বিওয়াইডি শোরুমে গাড়িটির উদ্বোধন করেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। তিনি বলেন, ‘বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশে প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি। এটি প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্ভাবনের সংযোগস্থল, যা উন্নত পারফরম্যান্স, জ্বালানি দক্ষতা ও পরিবেশের ওপর সর্বনিম্ন প্রভাব নিশ্চিত করে। এই গাড়ির উন্মোচন অটোমোবাইল খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে বিওয়াইডির অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন।’
বিওয়াইডি সিলায়ন ৬ এর নকশা 'ওশান অ্যাস্থেটিক্স' দ্বারা অনুপ্রাণিত, এবং এতে বিওয়াইডি-এর নিজস্ব ব্লেড ব্যাটারি ব্যবহৃত হয়েছে। গাড়িটিতে ৬০ লিটার ফুয়েল ট্যাঙ্ক এবং ১৮.২ কিলোওয়াট ব্যাটারি রয়েছে, যা সম্মিলিতভাবে ১০৯২ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ প্রদান করে। গাড়িটির ইঞ্জিন মাত্র ৮.৫ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার/ঘণ্টা গতিতে পৌঁছাতে পারে।
এছাড়াও, এতে ৩৬০° এইচডি ক্যামেরা, ৬টি এয়ারব্যাগসহ উন্নত নিরাপত্তা প্রযুক্তি রয়েছে। এর ভেতরে ১৫.৬ ইঞ্চি স্মার্ট রোটেটিং টাচস্ক্রিন, ১০ স্পিকারের ইনফিনিটি অডিও সিস্টেম, ভেন্টিলেটেড সিট এবং প্যানোরামিক সানরুফের মতো অত্যাধুনিক ফিচারও রয়েছে। গাড়িটি তিনটি ড্রাইভিং মোড—ইকো, নরমাল এবং স্পোর্টে চালানো যাবে এবং এটি হারবার গ্রে, আর্কটিক হোয়াইট, ডিলান ব্ল্যাক ও স্টোন গ্রে রঙে পাওয়া যাবে।
প্রথম ২০০ গ্রাহকের জন্য বিওয়াইডি সিলায়ন ৬ ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি’র খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩.৯ লাখ টাকা। সর্বাধুনিক সব ফিচারের পাশাপাশি ওয়ারেন্টি সুবিধা নিয়ে এসেছে এই গাড়ি। এর মধ্যে রয়েছে ট্র্যাকশন ব্যাটারির জন্য ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার (যেটি আগে আসে) এবং ড্রাইভ ইউনিটের জন্য ৮ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি। অন্যান্য প্রধান যন্ত্রাংশের জন্য ৬ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি। ফিল্টার, ব্রেক প্যাড, টায়ার ও অন্যান্য উপকরণের জন্য ৬ মাস বা ৫,০০০ কিলোমিটার ওয়ারেন্টি সুবিধা। এ সমস্ত ওয়ারেন্টি সুবিধা বিওয়াইডি সিলায়ন ৬-কে বাজারের অন্যান্য গাড়ির তুলনায় আরও বেশি অনন্য করে তুলেছে।