প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
প্রযুক্তির জগতে নতুন চমক আনতে সুগন্ধি মাউস তৈরি করেছে আসুস। প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যান্থনি স্পেন্স জানিয়েছেন, আসুসের কোপাইলট প্লাস পিসির সঙ্গে ব্যবহার উপযোগী এই ‘ফ্রেগ্রেন্স মাউস’ এপ্রিল বা মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে।
গত মাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস)-এ আসুসের ‘অ্যাডল ১৪ এয়ার ফ্রেগ্রেন্স এডিশন’ মডেলের ল্যাপটপটি প্রযুক্তিপ্রেমীদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছিল। ল্যাপটপটির ঢাকনায় একটি ম্যাগনেটিক অয়েল ডিফিউজার রয়েছে, যা ল্যাপটপের তাপমাত্রা বৃদ্ধি পেলে সুগন্ধি ছড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতায়, আসুস এবার সুগন্ধি মাউস বাজারে আনতে যাচ্ছে।
মাউসটির ডিজাইন বেশ সাধারণ, এতে দুটি বাটন ও একটি স্ক্রল হুইল রয়েছে। তবে মাউসটির নিচে একটি ছোট চেম্বার যুক্ত করা হয়েছে, যেখানে রিফিলযোগ্য শিশিতে সুগন্ধি তেল ভরা যাবে। ফলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো সুগন্ধি তেল মাউসে ব্যবহার করতে পারবেন। ব্যাটারি চালিত এই মাউসটি ব্লুটুথ অথবা ২.৪ গিগাহার্টজ ওয়্যারলেস ইউএসবি ডঙ্গল দিয়ে সহজে ল্যাপটপের সঙ্গে যুক্ত করা যাবে।
‘ইরিডেসেন্ট হোয়াইট’ ও ‘রোজ ক্লে’ রঙে পাওয়া যাবে মাউসটি। তবে এর দাম নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসুস দেয়নি। অ্যান্থনি স্পেন্স জানিয়েছেন, মাউসটির মূল্য সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।
সূত্র : দ্য ভার্জ