প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
চীনে নতুন ডিপসিক এআই কোর্স চালু করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এআই প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধনকারী স্টার্টআপ ডিপসিক, বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে তার সফলতা ও প্রযুক্তির মাধ্যমে। তাদের উন্নত মডেলগুলি বিশেষ করে ‘ডিপসিক-ভি৩’ এবং ‘ডিপসিক-আর১’ বিশ্বের প্রযুক্তি বিশেষজ্ঞদের প্রশংসা অর্জন করেছে এবং এগুলোকে স্পুটনিক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
চীনের সরকার তার দেশের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তি, নিরাপত্তা, গোপনীয়তা, নৈতিকতা এবং অন্যান্য চ্যালেঞ্জের ওপর শিক্ষালাভ করবে। দক্ষিণ চীনের শেনঝেন বিশ্ববিদ্যালয় এবং পূর্ব চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই এই কোর্স চালু করেছে।
এছাড়া, চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ও এআই প্রযুক্তির বিভিন্ন দিক ব্যবহার করে শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে উন্নয়ন সাধন করছে।
গত জানুয়ারিতে ২০৩৫ সালের মধ্যে ‘শক্তিশালী শিক্ষিত জাতি’ গঠনের জন্য প্রথম জাতীয় কর্মপরিকল্পনা প্রকাশ করেছে চীন। এই পরিকল্পনার লক্ষ্য হলো একটি ‘উচ্চমানের শিক্ষা ব্যবস্থা; প্রতিষ্ঠা করা, যার গুণগত মান ‘বিশ্বের সেরা’ হবে।
ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং গত সোমবার এক বৈঠকে প্রেসিডেন্ট সি চিন পিংয়ে র সঙ্গে উপস্থিত ছিলেন। যেখানে চীনের শীর্ষ প্রযুক্তি ব্যক্তিত্বদের পাশাপাশি আলিবাবা এবং অন্যান্য বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নেতারাও ছিলেন।