প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৬ পিএম
ছবি : সংগৃহীত
মেটা ঘোষণা করেছে তারা প্রথমবারের মতো জেনারেটিভ এআই ডেভেলপারদের জন্য ‘লামাকন’ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। সম্মেলনের নামকরণ করা হয়েছে মেটার লামা (Llama) এআই মডেলের নামে।
মেটা জানিয়েছে, এই সম্মেলনে তারা তাদের ওপেন-সোর্স এআই উন্নয়ন নিয়ে সর্বশেষ তথ্য শেয়ার করবে, যা ডেভেলপারদের নতুন অ্যাপ ও পণ্য তৈরিতে সহায়তা করবে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। মেটার বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘মেটা কানেক্ট’ যথারীতি সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।
মেটা তাদের ওপেন-সোর্স এআই উন্নয়নের মাধ্যমে গ্লোবাল প্রতিষ্ঠানগুলোর মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। গ্লোবালমানি স্যাক্স, নমুরা হোল্ডিংস, এটিঅ্যান্ডটি, ডোরড্যাশ ও অ্যাকসেঞ্চারসহ ২৫টিরও বেশি প্রতিষ্ঠান লামা মডেল ব্যবহার করছে। মেটা দাবি করছে, লামা মডেলটি শত শত মিলিয়ন বার ডাউনলোড হয়েছে এবং এটি হোস্ট করছে বড় বড় প্রতিষ্ঠান যেমন এনভিডিয়া, ডেল, ডাটাব্রিকস, এবং স্নোফ্লেক।
তবে, চীনা এআই কোম্পানি ডিপসিকের উন্নতির কারণে মেটা কিছুটা চাপে পড়েছে। ডিপসিকের নতুন এআই মডেলটি মেটার পরবর্তী লামা সংস্করণকেও ছাড়িয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। এ কারণে মেটা দ্রুততার সঙ্গে ডিপসিকের কার্যকারিতা বিশ্লেষণ করতে ‘ওয়ার রুম’ তৈরি করেছে।
মেটা ২০২৫ সালে তাদের এআই প্রকল্পে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে, যার মধ্যে নতুন এআই ডাটা সেন্টার নির্মাণ ও এআই বিশেষজ্ঞ নিয়োগ অন্তর্ভুক্ত থাকবে।
মেটার প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন, তারা একটি নতুন লামা মডেল আনতে যাচ্ছে, যার মধ্যে থাকবে রিজনিং ও মাল্টিমোডাল সক্ষমতা। তবে, মেটা বর্তমানে কপিরাইট লঙ্ঘন ও ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশের ডেটা গোপনীয়তা সংক্রান্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।