প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৫ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৭ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্ববিখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবি তাদের বার্ষিক ম্যাক্স ক্রিয়েটরস সম্মেলনে একাধিক নতুন এআই প্রযুক্তি উন্মোচন করেছে। যার মধ্যে ছবি সম্পাদনা ও ডিজাইন টুল অন্তর্ভুক্ত রয়েছে। টোকিওতে অনুষ্ঠিত এই সম্মেলনে অ্যাডোবি লাইটরুম ও অ্যাডোবি ক্যামেরার জন্য দুটি নতুন এআই প্রযুক্তি প্রকাশ করেছে—অ্যাডাপটিভ প্রোফাইলস এবং ডিসট্রাকশন রিমুভাল।
অ্যাডাপটিভ প্রোফাইলস প্রযুক্তি ছবির রং ও টোন স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করতে সক্ষম। এটি ছবির বৈশিষ্ট্য বুঝে এক্সপোজার, শ্যাডো, হাইলাইট, রং মিশ্রণ ও কার্ভের মতো বিভিন্ন সেটিংস সামঞ্জস্য করে। ফলে ছবির মান উন্নত হয় এবং ব্যবহারকারীর সময় বাঁচে। অন্যদিকে, ডিসট্রাকশন রিমুভাল প্রযুক্তি ছবির অপ্রয়োজনীয় বস্তু বা ব্যাকগ্রাউন্ড উপাদান সরিয়ে ফেলতে সাহায্য করে, যেমন- ভিড়ে থাকা মানুষ বা অনাকাঙ্ক্ষিত ব্যক্তির উপস্থিতি।
এই আপডেটের মাধ্যমে লাইটরুমে ক্লিন আপ টুলে একই ধরনের ছবি শনাক্তকরণের সুবিধা যুক্ত হয়েছে এবং লাইটরুম ক্ল্যাসিকের সঙ্গে ক্যামেরার অটোফোকাস নিয়ন্ত্রণের নতুন ফিচারও এসেছে। ব্যবহারকারীরা টেথার লাইভ ভিউ মোডে গিয়ে অটোফোকাস পরিবর্তন ও নির্দিষ্ট ফোকাস পয়েন্ট নির্বাচন করতে পারবেন।
গ্রাফিক ডিজাইনারদের জন্য অ্যাডোবি প্রজেক্ট নিও নামক ত্রিমাত্রিক ডিজাইন টুলের পরীক্ষামূলক সংস্করণও উন্মোচন করেছে। এর সঙ্গে অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য নতুন আপডেটগুলোরও ঘোষণা এসেছে, যার মধ্যে ওয়ার্কফ্লো উন্নয়ন, দ্রুত ফন্ট শনাক্তকরণ এবং জাপানি টাইপোগ্রাফির উন্নতি রয়েছে।