প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৪ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
যে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ডিপসিক চ্যাটবট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করছে এমন দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা, ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস)। এই তথ্যগুলো ব্যবহার করে ডিপসিক তার নিজস্ব এআই মডেলকে প্রশিক্ষণও দিচ্ছে।
এক বিবৃতিতে এনআইএস জানিয়েছে, ডিপসিক অন্যান্য অনেক জেনারেটিভ এআই প্ল্যাটফর্মের তুলনায় অনেকটাই আলাদা। কারণ এটি ব্যবহারকারীদের চ্যাট রেকর্ড সংরক্ষণ করে এবং কী-বোর্ড ইনপুটের ধরনও ট্র্যাক করতে পারে, যা ব্যক্তির পরিচয় ফাঁস হওয়ার ঝুঁকি সৃষ্টি করতে পারে।
এনআইএসের তথ্যমতে, ডিপসিক ব্যবহারকারীদের তথ্য বিজ্ঞাপনদাতাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে এবং দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। চীনের আইনের আওতায় দেশটির সরকার চাইলে এসব তথ্য সংগ্রহ করতে পারে। আর তাই ডিপসিকের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের পদ্ধতি জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
এছাড়া, সম্প্রতি আইফোন এবং আইপ্যাডের জন্য তৈরি ডিপসিক চ্যাটবট অ্যাপে গুরুতর নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নাওসিকিউর জানিয়েছে, এই অ্যাপ কোন ধরণের এনক্রিপশন ছাড়া ব্যবহারকারী এবং তাদের ডিভাইসের তথ্য অনলাইনে আদান-প্রদান করছে, যা নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করতে পারে।