প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১২ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৩ পিএম
ছবি : সংগৃহীত
ইলন মাস্কের নেতৃত্বে একটি বিনিয়োগকারী সংস্থা ওপেনএআই-কে ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারে কেনার প্রস্তাব দিয়েছে। মাস্কের আইনজীবী মার্ক টোবারফ জানিয়েছেন, সোমবার (১০ ফেব্রুয়ারি) ওপেনএআই-এর পরিচালনা পর্ষদের কাছে প্রতিষ্ঠানটির 'সব সম্পদ' কেনার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে। খবর বিবিসির।
২০১৫ সালে অল্টম্যান ও মাস্ক একসঙ্গে ওপেনএআই প্রতিষ্ঠা করে ন, তবে ২০১৮ সালে মাস্ক প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার পর থেকেই তাদের সম্পর্কের অবনতি ঘটে।
মাস্ক ও ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন চলছিল। মাস্ক ওপেনএআই-এর নীতির কঠোর সমালোচনা করে দাবি করেছেন, প্রতিষ্ঠানটি তার মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে লাভজনক ব্যবসায় রূপান্তরিত হচ্ছে। মাস্কের মতে, ওপেনএআই মানবতার উপকারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে গেছে। অন্যদিকে, অল্টম্যানের দাবি, এই পরিবর্তনগুলো নতুন বিনিয়োগ আকর্ষণ করার জন্য, যা উন্নত এআই প্রযুক্তির উন্নয়নে সাহায্য করবে।
মাস্কের প্রস্তাবের পর, অল্টম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্যঙ্গাত্মকভাবে জানিয়েছেন, ‘না, ধন্যবাদ। তবে আপনি চাইলে আমরা ৯.৭৪ বিলিয়ন ডলারে টুইটার কিনতে পারি।’
ওপেনএআই-এর বর্তমান বাজারমূল্য ১৫৭ বিলিয়ন ডলার এবং ২০২৩ সালে এটি ৩০০ বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা ছিল। মাস্কের আইনজীবী বলেছেন, যদি কেউ উচ্চ মূল্য প্রস্তাব করে, তাদের কনসোর্টিয়াম সেটি মেনে নিতে প্রস্তুত।
এদিকে, ওপেনএআই যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলারের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো প্রকল্প ঘোষণা করেছে, যা যুক্তরাষ্ট্রে প্রযুক্তির ভবিষ্যৎ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি করা হচ্ছে।