প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৫ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৭ পিএম
ছবি : সংগৃহীত
নতুন ফোন কেনার আগে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন, কারণ তারা বুঝে উঠতে পারেন না কোন ফোনটি তাদের জন্য সবচেয়ে ভালো হবে। যদিও অনেকেই বাজেট ঠিক করে ফেলেন, কিন্তু তারপরেও ফোনের দাম, ক্যামেরার মেগাপিক্সেল, ব্যাটারি পাওয়ার, স্টোরেজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নির্বাচন করা কঠিন হয়ে পড়ে। তবে, ভালো পারফরম্যান্সের জন্য ফোনের স্টোরেজ এবং র্যাম খুবই গুরুত্বপূর্ণ।
নতুন ফোন কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখতে হবে, চলুন তা জেনে নেওয়া যাক-
ডিসপ্লে
ফোন ব্যবহারের ধরন অনুযায়ী ডিসপ্লে সাইজ এবং রেজুলেশন নির্বাচন করা উচিত। যারা ভিডিও স্ট্রিমিং, ছবি সম্পাদনা, বা মুভি দেখেন, তাদের জন্য সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চির ফুল HD বা QHD ডিসপ্লে সুবিধাজনক। তবে, বড় ডিসপ্লে ফোন বহন করা কিছুটা কষ্টকর হতে পারে। সাধারণ ব্যবহারকারীদের জন্য পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চির HD বা ফুল HD ডিসপ্লে ফোনও যথেষ্ট।
প্রসেসর ও র্যাম
নতুন ফোন কেনার আগে র্যাম ও প্রসেসরের গুরুত্ব অস্বীকার করা যায় না। এটি ফোনের দ্রুত কার্যক্ষমতা, হ্যাং হওয়া থেকে মুক্তি, গরম না হওয়া, এবং চার্জিং সময়ের ওপর প্রভাব ফেলে। যদি আপনি ভারী গেম খেলা, ভিডিও সম্পাদনা বা একাধিক অ্যাপ ব্যবহার করেন, তাহলে শক্তিশালী র্যাম ও প্রসেসরের প্রয়োজন। তবে সাধারণ ব্যবহারের জন্য সাধারণ প্রসেসরও যথেষ্ট। মূলত আপনার স্মার্টফোনটি কতটা দ্রুত কাজ করবে তা নির্ভর করে প্রসেসর ও ব়্যামের উপর।
ক্যামেরা
ফোনের ক্যামেরার মেগাপিক্সেল বেশি হলেই ভালো ছবি তোলা যাবে, এমন নয়। ক্যামেরার অ্যাপারচার, আইএসও, পিক্সেলের আকার, অটোফোকাস ইত্যাদি বিষয়গুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন, ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোনেও ছবি ভালো আসতে নাও পারে, আবার আইফোনের ১২ মেগাপিক্সেল ক্যামেরায় দুর্দান্ত ছবি পাওয়া যায়। ক্যামেরার সেন্সর আকার, পিক্সেলের আকার, অ্যাপারচার, ইমেজ সিগন্যাল প্রসেসর, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), HDR এবং লেন্সের গুণমান লক্ষ্য করা উচিত।
ব্যাটারি
বড় স্ক্রিনের ফোন বেশি ব্যাটারি খরচ করে, তাই শক্তিশালী ব্যাটারি প্রয়োজন। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার (mAh) ব্যাটারি ক্ষমতা ভালো বলে মনে করা হয়।
অপারেটিং সিস্টেম
বর্তমান স্মার্টফোনে অপারেটিং সিস্টেমের সংস্করণ এবং ইউজার ইন্টারফেস গুরুত্বপূর্ণ। ভালো অভিজ্ঞতার জন্য, মটোরোলা, নেক্সাস/পিক্সেল বা অ্যান্ড্রয়েড ওয়ান চালিত ফোন ব্যবহার করা যেতে পারে। স্যামসাং, জেনইউআই, এক্সপেরিয়া ইউআই, এবং ইএমইউআইয়ের মতো ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসও বেশ জনপ্রিয়।
নিরাপত্তা
আজকাল বেশিরভাগ ফোনেই উন্নত নিরাপত্তা ফিচার থাকে, যেমন ফিঙ্গারপ্রিন্ট বা আইরিশ সেন্সর। এই ফিচারগুলো ফোনের লক-আনলক ছাড়া অন্যান্য নিরাপত্তা কাজেও ব্যবহৃত হতে পারে।
স্পিকার
যারা ভিডিও কনফারেন্স বা ভিডিও স্ট্রিমিং করেন, তাদের জন্য ভালো অডিও মান থাকা প্রয়োজন। চলতে ফিরতে বিনোদন পছন্দ করা ব্যক্তিরা সামনে স্পিকারযুক্ত ফোন নির্বাচন করতে পারেন, কিন্তু সাধারণ ব্যবহারের জন্য পেছনে স্পিকারও যথেষ্ট।
দাম ও বাজেট
স্মার্টফোন কেনার আগে অবশ্যই বাজেট নির্ধারণ করে নিন। তারপরে ফোনটির দাম এবং ফিচারগুলো যাচাই করে সিদ্ধান্ত নিন। বাজেট কম হলেও, ফোনের ফিচার যদি ভালো হয়, তবে একটু বেশি দামে যেতে পারেন।