প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ২২:০৩ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪ ০১:১২ এএম
মোবাইল টাওয়ার। ছবি : সংগৃহীত
বন্যাকবলিত ফেনী জেলায় এখনও ৭৫ শতাংশের বেশি মোবাইল ফোনের টাওয়ার অচল অবস্থায় আছে। এ ছাড়া বন্যাকবলিত ১১টি জেলায় প্রায় সাত শতাংশ মোবাইল টাওয়ার এখনও অচল রয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিকাল ৫টায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি জানিয়েছে, ১৪ হাজার ৫৫১টি টাওয়ারের মধ্যে ১ হাজার আটটি বর্তমানে অচল, যেগুলোর অবস্থান বন্যাকবলিত ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও কক্সবাজারে। তারা সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মোবাইল টাওয়ারগুলোর কার্যক্রম পুনরায় শুরু করার চেষ্টা করছে।
তারা জানায়, নেটওয়ার্ক পুনরুদ্ধার কাজ ত্বরান্বিত করতে রবি এবং টাওয়ার অপারেটর সামিট ও ইডটকোর সঙ্গে সমন্বয় করে ফেনীর ফুলগাজী ও সোনাগাজী উপজেলায় দুটি করে মোট চারটি স্পিডবোট পাঠানো হয়েছে।
এ ছাড়া ছাগলনাইয়া উপজেলার জন্যও গ্রামীণফোন, সামিট ও ইডটকোর সঙ্গে সমন্বয় করে নেটওয়ার্ক পুনরুদ্ধার কার্যক্রমে দুটি স্পিডবোট বরাদ্দ দেওয়া হয়েছে। এবং ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য বাংলালিংককে গাড়ি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিটিআরসি।