প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ১৪:১৮ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪ ১৫:৫৯ পিএম
মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে ঢুকতে সমস্যার মুখে পড়ছে ব্যবহারকারীরা।
এবার মোবাইল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে মোবাইল নেটওয়ার্কে রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও। তবে ব্রডব্যান্ড সংযোগে স্বাভাবিকভাবে চলছে ফেসবুক।
শুক্রবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে ব্যবহারকারীরা জানায়, মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে ঢুকতে সমস্যার মুখে পড়ছে তারা।
গণমাধ্যমকর্মী ঋতু বলেন, ‘দুপুরের পর মোবাইল ইন্টারনেট দিয়ে কয়েকবার ফেসবুকে ঢুকতে চাইলাম, কিন্তু ঢোকা যাচ্ছে না।’
মোবাইল অপারেটর সূত্রে জানা যায়, মোবাইল নেটওয়ার্কে ফেসবুক ও টেলিগ্রাম বন্ধের নির্দেশ রয়েছে। তাই দুপুর ১২টার পর থেকে ফেসবুকের ক্যাশ সার্ভারগুলো ডাউন করে রেখেছে মোবাইল অপারেটররা।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে ১৭ জুলাই রাতে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই সপ্তাহ পর ৩১ জুলাই দুপুর ২টার পর থেকে এসব প্ল্যাটফর্ম চালু করা হয়।