× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেলা ৩টায় মোবাইল ইন্টারনেট চালু হচ্ছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ১২:০৫ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৪ ১৫:০৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

টানা ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। রবিবার (২৮ জুলাই) বেলা ৩টায় সারা দেশে ফোরজি ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট।

রবিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এর আগে তিনি দেশের মোবাইল অপারেটর কোম্পানি, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশের (অ্যামটব) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদসহ নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারাও। এ বৈঠকে মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত হয়।

ব্রিফিংয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, আজকের বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আজ বেলা ৩টার পর থেকে মোবাইল ইন্টারনেট কানেকটিভিটি পুনঃস্থাপন করতে পারব। বেলা ৩টার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক চালু করা হবে। তার জন্য প্রযুক্তিগত যত সহায়তা দরকার, আমরা তা সব সময় দেব। মোবাইল অপারেটর কোম্পানিগুলোও যত দ্রুত সম্ভব প্রস্তুতি নেবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওইদিন রাত আনুমানিক ৯টার দিকে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর পাঁচ দিন পর ২৩ জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেওয়া হয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে। পরে বৃহস্পতিবার রাত থেকে বাসাবাড়িতেও ইন্টারনেট সেবা নিশ্চিত করা হয়। পাশাপাশি গুগল ক্যাশ সার্ভার ক্লিয়ার করায় ধীরে ধীরে ইন্টারনেটে স্বাভাবিক গতি ফিরছে।

অন্যদিকে দেশের ১৩ কোটির বেশি মোবাইল ইন্টারনেট গ্রাহকরা এখনও সেবাবঞ্চিত। তাদের অসুবিধার কথা বিবেচনায় রবিবার বিকাল থেকে অবশেষে মোবাইল ইন্টারনেট চালুরও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে মেটার তিনটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটক বাংলাদেশে এখনও বন্ধ। কবে নাগাদ এসব প্ল্যাটফর্ম খুলে দেওয়া হবে, তা এখনও জানায়নি বিটিআরসি। অনেক ব্যবহারকারী ভিপিএনের মাধ্যমে এসব প্ল্যাটফর্মে সক্রিয় হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা