প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ মে ২০২৪ ২৩:০৯ পিএম
আপডেট : ২৬ মে ২০২৪ ২৩:২১ পিএম
জার্মান কাপ জিতে উৎসবে মেতেছেন কোচ জাবি আলোনসো
বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্ব দখলে নিয়েছে আগেই। প্রথমবারের মতো বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বায়ার লেভারকুসেন। ‘নেভারকুসেন’ থেকে বনে গিয়েছিল ‘নেভারলুসেন’। সেই অজেয় থাকার অভিযাত্রা ৫১ ম্যাচ পর থেমেছে ইউরোপা লিগের ফাইনালে। আতালান্তার কাছে শিরোপা খুইয়ে জলাঞ্জলি দিয়েছে ট্রেবল জয়ের সুবর্ণ সুযোগ।
তবে জার্মান কাপে আর তেমন কোনো অঘটন ঘটেনি। অপেক্ষাকৃত দুর্বল দল কাইজারস্লাটার্নকে ১–০ গোলে হারিয়ে ৩১ বছর পর টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হয়েছে লেভারকুসেন। এর আগে ১৯৯৩ সালে এই ট্রফি জিতেছিল তারা। এ নিয়ে চলতি মৌসুমে ডাবল ট্রফি জিতল একটা সময় শিরোপা জিততে ভুলে যাওয়ায় ‘নেভারকুসেন’ বদনাম কুড়ানো দলটি।
ফাইনালের চেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আর কী হতে পারে? কিন্তু সেই শিরোপা নির্ধারণী ম্যাচেই বায়ার লেভারকুসেনকে প্রায় বিপদে ফেলে দিয়েছিলেন ওদিলন কোসসুনু। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে লড়াই শুরু হতেই দেখেন হলুদ কার্ড। প্রথমার্ধের শেষ দিকে হলুদ কার্ড দেখেন আরেকটি।
আইভরিয়ান এ ডিফেন্ডার ৪৪ মিনিটে মাঠ ছাড়েন লাল কার্ডের খড়গ কাঁধে চাপিয়ে। তার মানে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দশজনের দল হয়ে যায় লেভারকুসেন। ওদিলন কোসসুনু দলকে বেশ বিপদেই ফেলে রেখে মাঠ ছাড়েন। যে কারণে বিরতির পর কোচ জাবি আলোনসো তার শিষ্যদের আক্রমণ থেকে রক্ষণেই বেশি ব্যস্ত রেখেছেন। বড় বিপদেই পড়ে গিয়েছিল লেভারকুসেন।
তবে তাতে কোনো সমস্যা হয়নি। ভাগ্য ভালো যে প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে লেভারকুসেনকে এগিয়ে রেখেছিলেন গ্রানিত জাকা। ম্যাচের ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ে ক্ষিপ্রগতির শটেই জার্মানদের জয়ের নায়ক বনে গেছেন এ সুইস মিডফিল্ডার। জার্মানির দ্বিতীয় বিভাগের দল কাইজারস্লাটার্নকে তার একমাত্র গোলেই ধরাশায়ী করে মৌসুমের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে লেভারকুসেন।
জার্মান বুন্দেসলিগার পর জার্মান কাপ জিতল লেভারকুসেন। এক মৌসুমে দুটি ঘরোয়া শিরোপা নিজেদের করে নিল স্প্যানিশ কোচ আলোনসোর শিষ্যরা। জার্মান ফুটবলে এমন কীর্তি আছে কেবল বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, ওয়ের্ডার ব্রেমেন ও এফসি কোলনের।