প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ মে ২০২৪ ২২:২০ পিএম
আপডেট : ২৬ মে ২০২৪ ২২:৫১ পিএম
এফএ কাপ শিরোপা নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের উল্লাস
ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি জেতা তো দূরে থাক, লড়াইটাও জমিয়ে তুলতে পারেনি। লিগ শেষ করতে পারেনি চারে থেকে। চ্যাম্পিয়নস লিগের কথা না বলাই ভালো। লিগ টেবিলে আটে থাকায় ইউরোপের তৃতীয় সারির ক্লাব টুর্নামেন্ট ইউরোপা কনফারেন্সেও জায়গা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড।
তবে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপ শিরোপা জিতে নিয়েছে রেড ডেভিলরা। গারনাচোর গোলের পর ব্যবধান বাড়ান কবিমেইনু। সিটির একমাত্র গোলটি করেন জেরেমি দোকু। তাতে আরও একটি কাজের কাজ করে ফেলেছে ম্যানইউ। এফএ কাপ জয়ের সুবাদে ইউরোপা লিগের টিকিট কেটেছে কোচ এরিক টেন হাগের দল।
ঐতিহাসিক ওয়েম্বলিতে ঐতিহ্যবাহী টুর্নামেন্টের এ জয়ে নগর প্রতিদ্বন্দ্বী সিটির বিপক্ষে এক দিক থেকে মধুর প্রতিশোধও নেওয়া হলো ইউনাইটেডের। গত বছর এফএ কাপের ফাইনালে ইউনাইটেডকে সমান ২-১ গোলে হারিয়েই শিরোপা ছিনিয়ে নিয়েছিল সিটি।
এফএ কাপ ফাইনাল মাঠে গড়ানোর আগেই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, ম্যানইউ চ্যাম্পিয়ন হলেও বরখাস্ত হবেন ম্যানইউ কোচ এরিক টেন হাগ। শিরোপা জয়ের পর টেন হাগ কথা বলেছেন নিজের ভবিষ্যৎ নিয়ে। ইউনাইটেড কোচ সাফ জানিয়ে দিয়েছেন, পরের মৌসুমে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন তিনি, ‘দুই বছরে দুটি শিরোপা এবং তিনটি ফাইনাল খারাপ না। যদি তারা আমাকে না চায়, তবে আমি অন্য কোথাও গিয়ে ট্রফি জিতব। কারণ, এটাই আমি করি।’
টেন হাগের বিকল্প খুঁজে চলেছে ইউনাইটেড কর্তৃপক্ষ। এ বিষয়ে টেন হাগ বলেন, ‘আমি জানি না, তারা এটা করেছে কি না। এ প্রশ্নের উত্তর আমি দিতে পারব না। আমি জানি না। হয়তো আপনাদের জানার সূত্র আছে, আমার তা নেই। আমি একটি প্রজেক্টে আছি এবং আমাদের যেখানে থাকার কথা, আমরা সেখানেই আছি। আমরা ভবিষ্যতের জন্য দল তৈরি করছি।’
টেন হাগ ওল্ড ট্রাফোর্ডে যাওয়ার আগে ম্যানইউর অবস্থা কেমন ছিল। সেটা নিয়ে এ ডাচ কোচ বলেন, ‘যখন আমি দায়িত্ব নিই, তখন আমরা বিশৃঙ্খল অবস্থায় ছিলাম। দল এখন উন্নতি করছে, জিতছে।’