প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ মে ২০২৪ ২২:০০ পিএম
হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলি
আইপিএল ফাইনাল খেলার তাড়া নেই ভারতের। কারণ টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিশ্বকাপ দলের কেউ নেই। যে কারণে রোহিত শর্মার নেতৃত্বে আইপিএলের ফাইনাল মাঠে গড়ানোর আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছে ভারতীয় টিম।
ভারতীয় গণমাধ্যমের খবর, রোহিতদের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাননি দলের বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। অথচ এই দুই ক্রিকেটারের দলই আইপিএল থেকে বিদায় নিয়েছে।
শোনা যাচ্ছে, আগামী ৩০ মে আমেরিকার ফ্লাইট ধরবেন কোহলি। হার্দিকও দ্বিতীয় কিস্তিতে যাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। ফলে ১ জুন বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না কোহলি-হার্দিকদের।
এখনও কেন যাননি কোহলি ও হার্দিক? আমেরিকার ভিসা সংক্রান্ত কিছু কাজ নাকি বাকি রয়েছে কোহলির। তাই তিনি নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার বিমানে উঠতে পারেননি।
আর ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক এখন সময় কাটাচ্ছেন লন্ডনে। সেখান থেকে সোজা যাবেন আমেরিকায়। তবে হার্দিক কবে নাগাদ দলের সঙ্গে যোগ দিতে পারবেন তা এখনও নিশ্চিত নয়।
৩০ মে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুজবেন্দ্র চাহালদের। তাদের সঙ্গে একই ফ্লাইটে আমেরিকা যাবেন কোহলি। বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচ খেলবে ৪ জুন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৯ জুন রোহিতদের লড়াই চিরশত্রু পাকিস্তানের বিপক্ষে।