প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৪ ২০:৩৬ পিএম
আপডেট : ২৬ মে ২০২৪ ২১:৪১ পিএম
জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। এই দুই দলের বিপক্ষে খেলে প্রস্তুতি কতটা ফলপ্রসূ হবে, এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এ স্কোয়াডই বিশ্বকাপে ভালো কিছু উপহার দেবে বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তবে বাংলাদেশের টি-টোয়েন্টি খেলার মান এখনও অনেকটাই পিছিয়ে বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আজ রবিবার (২৬ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘টি-টোয়েন্টি সংস্করণে আমাদের যে স্ট্যান্ডার্ড, এই জায়গায় আমরা কিন্তু অনেক পিছিয়ে। এটা কিন্তু মানতে হবে।’ কারণ হিসেবে নান্নু টেনে আনলেন ফ্র্যাঞ্চাইজি লিগের কথা, ‘দেখুন, বাইরের দেশে যে লিগগুলো হয় আমাদের কয়টা খেলোয়াড় খেলে। আমাদের নিচের সারির বা কাছাকাছি মানের দল আফগানিস্তানের ১১-১২ জন বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে। ওদের অভিজ্ঞতাটা অনেক।’
তবে বাইরের দেশে খেলার অভিজ্ঞতাই এক সময় দলকে এগিয়ে নেবে বলে বিশ্বাস তার, ‘আমাদের মুস্তাফিজ এবারের আইপিএলে যথেষ্ট ভালো খেলেছে এবং আমাদের আরও যদি তিন-চারজন খেলোয়াড় গড়ে তিন-চারটা লিগ খেলতে পারে, তাহলে এই সংস্করণে আমরাও শক্তিশালী হব। তারপরও এই সংস্করণ নিয়ে আগাম কিছু বলতে পারবেন না। একটা দেশের ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিকের মাঝে অনেক পার্থক্য আছে।’