প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৮:১৮ পিএম
জাভি হার্নান্দেজ
বার্সেলোনার সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন জাভি হার্নান্দেজ। তবে শুক্রবার ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা এবং ক্রীড়া পরিচালক ডেকোর সঙ্গে একটি বৈঠকের পর ক্লাবের নতুন সিদ্ধান্ত জাভিকে জানিয়ে দেন। অথচ গেল জানুয়ারিতে জাভিই কোচের পদ ছাড়তে চেয়েছিলেন। পরে এপ্রিলে জাভিকে ক্লাবে থাকতে রাজি করান লাপোর্তাই। মেয়াদ শেষ হওয়ার বছরখানেক আগেই ছাঁটাই হওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষতিপূরণ দিতে হচ্ছে বার্সাকে। আর এই ক্ষতিপূরণের অঙ্ক ১ কোটি ৫০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ১৯০ কোটি টাকারও বেশি।
জাভিকে বরখাস্ত করে বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হ্যান্সি ফ্লিককে নিয়োগ দিতে যাচ্ছে বার্সেলোনা। আন্তর্জাতিক মিডিয়ায় এমনই গুঞ্জন আছে। আজ রবিবার শেষবারের মতো বার্সার ডাগআউটে দাঁড়াবেন জাভি। এদিন তারা মৌসুমের শেষ লা লিগা ম্যাচে সেভিয়াকে আতিথেয়তা দেবে।
এক বিবৃতিতে শুক্রবার বার্সেলোনা বলেছে যে, ২০২১ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে ‘কোচ হিসেবে কাজ করার জন্য জাভিকে ধন্যবাদ জানাতে চাই।’ সামাজিক মাধ্যমে জারি করা একটি খোলা চিঠিতে জাভি বলেছেন, ‘নিজের জীবনের ক্লাব ছেড়ে যাওয়া কখনোই সহজ নয়। তবে আমি গর্বিত, কারণ আড়াই বছর ড্রেসিংরুমে সবার সঙ্গে ছিলাম। এই দলটা আমার কাছে দ্বিতীয় পরিবারের মতো।’ জাভি আরও বলেন, ‘রবিবারের পর থেকে আমি এই ক্লাবের একজন ভক্ত হব। কারণ একজন খেলোয়াড় বা কোচ হওয়ার আগে আমি বার্সেলোনার একজন ভক্ত এবং আমি আমার জীবনে ক্লাবের জন্য শুধুমাত্র ভালোটাই চাই।’
এদিকে বার্সা জানিয়েছে, আগামী দিনে একটি ‘নতুন কাঠামো’ নিশ্চিত করবে ক্লাবটি এবং ফ্লিক দায়িত্ব নিতে প্রস্তুত। ২০২৩ সালের সেপ্টেম্বরে জার্মানি তাকে বরখাস্ত করার পর থেকে বেকারই ছিলেন ফ্লিক। যিনি ২০২১ সালে জার্মানির জাতীয় দলের কোচ হিসেবে জোয়াকিম লোর স্থলাভিষিক্ত হয়েছিলেন। তার অধীনে দল ২৫ ম্যাচের মধ্যে মাত্র ১২টি জিতেছে।
এর আগে ২০২০ সালে বুন্দেসলিগা, জার্মান কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতে বায়ার্ন মিউনিখকে ট্রেবলের গৌরবে ভাসান ফ্লিক। সেটি দেখেই তাকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। যদিও সেই চুক্তিটি খুব একটা ফলপ্রসূ হয়নি। বার্সেলোনার ফরোয়ার্ড রবার্ট লেভানডভস্কি অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দুই মৌসুমে ফ্লিকের অধীনে খেলেছেন।
এদিকে চলতি মৌসুমে কোনো ট্রফি জিততে পারেনি বার্সেলোনা। লিগে এখন পর্যন্ত দুইয়ে আছে, তবে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে ১২ পয়েন্টে। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে এগিয়ে থেকেও হেরে যায় জাভির বার্সা।
ক্লাবের লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা জাভি একজন খেলোয়াড় হিসেবে বার্সেলোনার সঙ্গে ১৭ বছর ছিলেন। কাতারি দল আল-সাদের হয়ে চার বছর খেলার পর ২০১৯ সালে বার্সার ম্যানেজার হিসেবে দায়িত্ব নিতে অবসর নেন জাভি। ২০২১ সালের নভেম্বরে রোনাল্ড কোম্যানকে সরিয়ে জাভিকে নিয়োগ দেয় কাতালান ক্লাবটি। জাভির অধীনে লা লিগা শিরোপা এবং স্প্যানিশ কাপ জিতেছে বার্সা। এরপর তার অধীনেই চ্যাম্পিয়ন্স লিগে খেলে বার্সেলোনা।
জাভির প্রতি বার্সেলোনার এমন আচরণের সমালোচনা করেছেন সেভিয়ার কোচ কুইক সানচেজ ফ্লোরেস। শুক্রবার বিকালে ফ্লোরেস সাংবাদিকদের বলেন, ‘আমার এটা বলা উচিত নয়, কিন্তু বার্সেলোনা তার কিংবদন্তিদের সঙ্গে কতটা খারাপ আচরণ করল। আমি চাই ক্লাবটি তাদের কিংবদন্তিদের সঙ্গে ভালো আচরণ করুক। এটি দুর্দান্ত হবে। জাভি ক্লাবের একজন কিংবদন্তি।’