প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৫:৫১ পিএম
চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন জাতীয় দলের পেসার মারুফা আক্তার। টাইগ্রেস তারকা এই পেসার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) হয়ে হ্যাটট্রিক করেন লিগে শীর্ষে থাকা দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।
রবিবার (২৬ মে) বিকেএসপির ৪ নাম্বার মাঠে টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় বিকেএসপি। বল হাতে ইনিংসের শেষ ওভারে এসে হ্যাটট্রিক করেন মারুফা। সবমিলিয়ে মারুফা ১০ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৪টি উইকেট।
শেষ ওভারের তৃতীয় বলে ফিরিয়েছেন সাবেকুন নাহারকে। ক্যাচ ধরেছেন বিকেএসপির উইকেটরক্ষক উন্নতি আকতার। চতুর্থ বলে সুলতানা ইয়াসমিন বৈশাখীকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মারুফা। পরের বলে ফারিহা তৃষ্ণাকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি।
তার হ্যাটট্রিকের পরও সোবহানা মোস্তারির ফিফটি ও মুর্শিদা খাতুন হ্যাপির ব্যাটে ভর করে মোহামেডান ৯ উইকেটে ২২৮ রান করে।
যে মোহামেডানের বিপক্ষে মারুফার হ্যাটট্রিক, সেই দলই কদিন আগে মেয়েদের ডিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে। ২৩ মে গুলশান ইয়ুথ ক্লাব নারী দলের বিপক্ষে ৩ উইকেটে ৩৯২ রান করে। সেই ম্যাচে মোহামেডান জিতেছিল ২৫১ রানের ব্যবধানে।