প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৫:২১ পিএম
সাকিব আল হাসান আর রেকর্ড যেন সমার্থক শব্দ। বাংলাদেশ ক্রিকেটের এই সুপারস্টার এমন সব রেকর্ড নিজের করে রেখেছেন, যা বিশ্ব ক্রিকেটেই অলরাউন্ডারদের মধ্যে বিরল। বর্ণাঢ্য ক্যারিয়ারে সাকিবের অর্জনের মুকুটে যোগ হলো আরেকটি পালক। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট ও ১৪ হাজার রানের ডাবল স্পর্শ করেছেন টাইগার বিশ্বসেরা এই অলরাউন্ডার।
শনিবার (২৫ মে) ফ্লোরিডার হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে একটি উইকেট নিয়েই বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন সাকিব। ম্যাচে দলের ৪৬ রানের মাথায় সাকিব ফেরান যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রিস গুসকে। এই উইকেট শিকারের পর আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ৭০০ উইকেটের মালিক হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেটসংখ্যা এখন কাঁটায় কাঁটায় ৭০০ হয়েছে। সঙ্গে আছে ১৪ হাজারের বেশি রান। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান এবং ৭০০ উইকেটের ডাবলের রেকর্ড আছে শুধুই সাকিবের। এখানে সবাইকে পেছনে ফেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এমনকি ছয়শ উইকেট ও ১২ হাজার রানও নেই আর কারও।
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে সাতশ উইকেট নিলেন সাকিব। সব মিলিয়ে বিশ্বের ১৭তম বোলার তিনি, স্পিনারদের মধ্যে সপ্তম। আর বাঁহাতি স্পিনে তার আগে এই কীর্তি শুধুমাত্র ড্যানিয়েল ভেট্টরির।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২২ ম্যাচে সাকিবের উইকেট ১৪৬টি। এই সংস্করণে তার চেয়ে বেশি উইকেট আছে শুধু টিম সাউদির, ১২৩ ম্যাচে ১৫৭টি। দুজনই বোলিং করেছেন সমান ১২০ ইনিংস। এছাড়া টেস্টে ১১৩ ইনিংসে ২৩৭ ও ওয়ানডেতে ২৪১ ইনিংসে সাকিবের শিকার ৩১৭ উইকেট। আর ব্যাট হাতে টেস্টে ১২৩ ইনিংসে ৪ হাজার ৫০৫, ওয়ানডেতে ২৩৪ ইনিংসে ৭ হাজার ৫৭০ ও টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ১২০ ইনিংসে ২ হাজার ৪৪০ রান।