প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৩:৫১ পিএম
আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন বিশ্বকাপে শহীদ আফ্রিদিকে শুভেচ্ছাদূত করেছে আইসিসি। এরপর বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে যাওয়া সম্ভাব্য চার দলের ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানি এই কিংবদন্তি অলরাউন্ডার।
আফ্রিদির চোখে নিজের দেশ পাকিস্তানকে সম্ভাব্য সেমি খেলতে যাওয়ার দৌড়ে দেখছেন। এ ছাড়া তার তালিকায় রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতও। তালিকার অন্য দুইটি দল হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ তার তালিকায় জায়গা পায়নি।
আফ্রিদি বলেন, ‘আমার মতে পাকিস্তানের এবারের যে দল, তাদের ফাইনাল খেলা উচিৎ। সেমিফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া উঠবে বলে মনে হচ্ছে। এবারের বিশ্বকাপ যে কন্ডিশনে অনুষ্ঠিত হবে তাতে এই দুই দল সুবিধা পাবে। এছাড়া নিউজিল্যান্ডেরও ভালো সুযোগ আছে বলে আমি মনে করি।’
অলিম্পিকের স্প্রিন্টে আটবারের গোলমেডেলিস্ট গতিমানব উসাইন বোল্ট, যুবরাজ সিং ও ক্রিস গেইলের পর আফ্রিদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ শুভেচ্ছাদূত হিসেবে বেছে নিয়েছে আইসিসি। পাকিস্তানের ২০০৯ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা পালন করেন এই তারকা। এমনকি সেবার সেমিফাইনাল ও ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচও হন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটটিতে যে কয়জন প্রথম সারির অলরাউন্ডার রয়েছেন, তাদের মধ্যে আফ্রিদি একজন।