× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাভির জায়গায় ফ্লিককে নিয়োগ দিচ্ছে বার্সেলোনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৪ ১১:৫৮ এএম

আপডেট : ২৫ মে ২০২৪ ১২:০৩ পিএম

জাভি হার্নান্দেজ। ছবি : সংগৃহীত

জাভি হার্নান্দেজ। ছবি : সংগৃহীত

জাভি হার্নান্দেজকে বরখাস্ত করে বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হ্যান্সি ফ্লিককে নিয়োগ দিয়েছে বার্সেলোনা। রবিবার শেষবারের মতো বার্সার ডাগআউটে দাঁড়াবেন জাভি। যখন তারা মৌসুমের শেষ লা লিগা ম্যাচে সেভিয়াকে আতিথেয়তা দেবে।

বার্সেলোনার সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন জাভি। তবে শুক্রবার ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা এবং ক্রীড়া পরিচালক ডেকোর সঙ্গে একটি বৈঠকের পর ক্লাবের নতুন সিদ্ধান্ত জাভিকে জানিয়ে দেওয়া হয়। অথচ গেল জানুয়ারিতে জাভিই কোচের পদ ছাড়তে চেয়েছিলেন। পরে এপ্রিলে জাভিকে ক্লাবে থাকতে রাজি করান লাপোর্তাই। 

এক বিবৃতিতে শুক্রবার বার্সেলোনা বলেছে যে ২০২১ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে ‘কোচ হিসাবে কাজ করার জন্য জাভিকে ধন্যবাদ জানাতে চাই।’ সামাজকি মাধ্যমে জারি করা একটি খোলা চিঠিতে জাভি বলেছেন, ‘নিজের জীবনের ক্লাব ছেড়ে যাওয়া কখনই সহজ নয়। তবে আমি গর্বিত, কারণ আড়াই বছর ড্রেসিংরুমে সবার সঙ্গে ছিলাম। এই দলটা আমার কাছে দ্বিতীয় পরিবারের মতো।’

জাভি আরও বলেন, ‘রবিবারের পর থেকে আমি এই ক্লাবের একজন ভক্ত হবো। কারণ একজন খেলোয়াড় বা কোচ হওয়ার আগে আমি বার্সেলোনার একজন ভক্ত এবং আমি আমার জীবনে ক্লাবের জন্য শুধুমাত্র ভালোটাই চাই।’ এদিকে বার্সা জানিয়েছে যে আগামী দিনে একটি ‘নতুন কাঠামো’ নিশ্চিত করবে ক্লাবটি এবং ফ্লিক দায়িত্ব নিতে প্রস্তুত।

২০২৩ সালের সেপ্টেম্বরে জার্মানি তাকে বরখাস্ত করার পর থেকে বেকারই ছিলেন ফ্লিক। যিনি ২০২১ সালে জার্মানির জাতীয় দলের কোচ হিসাবে জোয়াকিম লো’র স্থলাভিষিক্ত হয়েছিলেন। তার অধীনে দল ২৫ ম্যাচের মধ্যে মাত্র ১২টি জিতেছে।

এর আগে ২০২০ সালে বুন্দেসলিগা, জার্মান কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতে বায়ার্ন মিউনিখকে ট্রেবলের গৌরবে ভাসান ফ্লিক। সেটি দেখেই তাকে জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়। যদিও সেই চুক্তিটি খুব একটা ফলপ্রসূ হয়নি। বার্সেলোনার ফরোয়ার্ড রবার্ট লেভানডভস্কি অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দুই মৌসুমে ফ্লিকের অধীনে খেলেছেন।

এদিকে চলতি মৌসুমে কোনো ট্রফি জিততে পারেনি বার্সেলোনা। লিগে এখন পর্যন্ত দুইয়ে আছে, তবে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে ১২ পয়েন্টে। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে এগিয়ে থেকেও হেরে যায় জাভির বার্সা।

হ্যান্সি ফ্লিক

ক্লাবের লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা জাভি একজন খেলোয়াড় হিসেবে বার্সেলোনার সঙ্গে ১৭ বছর ছিলেন। কাতারি দল আল-সাদের হয়ে চার বছর খেলার পর ২০১৯ সালে বার্সার ম্যানেজার হিসেবে দায়িত্ব নিতে অবসর নেন জাভি। ২০২১ সালের নভেম্বরে রোনাল্ড কোম্যানকে সরিয়ে জাভিকে নিয়োগ দেয় কাতালান ক্লাবটি। জাভির অধীনে লা লিগা শিরোপা এবং স্প্যানিশ কাপ জিতেছে বার্সা। এরপর তার অধীনেই চ্যাম্পিয়ন্স লিগে খেলে বার্সেলোনা।

জাভির প্রতি বার্সেলোনার এমন আচরণের সমালোচনা করেছেন সেভিয়ার কোচ কুইক সানচেজ ফ্লোরেস। শুক্রবার বিকেলে ফ্লোরেস সাংবাদিকদের বলেন, ‘আমার এটা বলা উচিত নয়, কিন্তু বার্সেলোনা তার কিংবদন্তিদের সঙ্গে কতটা খারাপ আচরণ করলো। আমি চাই ক্লাবটি তাদের কিংবদন্তিদের সঙ্গে ভাল আচরণ করুক। এটি দুর্দান্ত হবে। জাভি ক্লাবের একজন কিংবদন্তি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা