আইপিএল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মে ২০২৪ ০০:৩০ এএম
আপডেট : ২৫ মে ২০২৪ ১১:১১ এএম
রাজস্থানকে হারিয়ে ফাইনালে কলকাতার সঙ্গী হায়দরাবাদ। ছবি : সংগৃহীত
দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের সামনে বড় সংগ্রহই দাঁড় করেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা। এরপর সেই রান আগলে রাখার দায়িত্ব পালন করলেন দলটির বোলাররা। তাতে বড় জয়ের সঙ্গে মিলল ফাইনালের টিকিট।
শুক্রবার রাতে চেন্নাইয়ে টস হেরে আগে ব্যাটিং করতে নামে হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্কোরকার্ডে ১৭৫ রান জমা করে প্যাট কামিন্সের দল। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রানে থামে রাজস্থানের ইনিংস। ৩৬ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন হায়দরাবাদের বোলার শাহবাজ আহমেদ। আগামী রবিবার শিরোপার লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে হায়দরাবাদ।

এদিন হায়দরাবাদের ইনিংস এগিয়েছে হেনরিখ ক্লাসেনের ব্যাটে চড়ে। ৩৪ বলে ৫০ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন এ প্রোটিয়া ব্যাটার। এ ছাড়া ট্রাভিস হেড ২৮ বলে ৩৪, রাহুল ত্রিপাঠি ১৫ বলে ৩৭ রান করেন। রাজস্থানের ট্রেন্ট বোল্ট ও আভেস খান নেন ৩টি করে উইকেট।
রান তাড়ায় দলীয় ২৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় রাজস্থান। এরপর নিয়মিত বিরতিতেই আসা-যাওয়ার মিছিলে ছিলেন দলটির ব্যাটাররা। এর মধ্যে যা একটু লড়াই করলেন ধ্রুব জুরেল। কিন্তু তার ৩৫ বলে ৫৬ রানের ইনিংস জয়ের আশা জাগাতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে জশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে, করেছেন ২১ বলে ৪২ রান। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শাহবাজ। দিয়েছেন ৪ ওভারে ২৩ রান।