জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৪ ০০:১২ এএম
আপডেট : ২৫ মে ২০২৪ ১১:০৭ এএম
দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ। চলমান জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ ভালো যাচ্ছে না বর্ষীয়ান এ দাবাড়ুর। ৪২তম আসরের পাঁচ রাউন্ড শেষে তার পয়েন্ট স্রেফ ১.৫। তিন রাউন্ডে ড্র আর দুই রাউন্ডে হেরেছেন রাণী। এখনও প্রথম জয়ের খোঁজে তিনি।
শুক্রবার পঞ্চম রাউন্ডে রাণী হামিদ হেরেছেন ক্যান্ডিডেট মাস্টারের কাছে। মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো কালো ঘুঁটি নিয়ে ক্যারো-কান ডিফেন্স অবলম্বন করে খেলে ২৬ চালে জয়ী হয়েছেন। এর আগে মহিলা আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ দ্বিতীয় রাউন্ডে হেরেছিলেন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমের কাছে।
ওয়ালটন ৪২তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ড শেষে গতবারের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ৪.৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষস্থানে রয়েছেন। ৪ পয়েন্ট পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ ও কুমিল্লার মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো যুগ্মভাবে অবস্থান করছেন দুইয়ে। ৩.৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা রয়েছেন তিনে।