মার্কিন আলির হুমকি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ মে ২০২৪ ২২:৫০ পিএম
মোনাঙ্ক প্যাটেল ও অ্যারন জোন্স
যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল সিরিজের শেষ ম্যাচটিও জিততে চান। টাইগারদের করতে চান হোয়াইটওয়াশ। যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ভালো করার আসল প্রেরণাটা খুঁজে নিতে পারে। এ নিয়ে মোনাঙ্ক বলেন, ‘আমরা যদি (আজ) জিততে পারি, প্রেরণা নিয়েই বিশ্বকাপে যেতে পারব। এটা অবশ্যই আমাদের সাহায্য করবে।’
যুক্তরাষ্ট্রের প্রধান কোচ স্টুয়ার্ট ল মনে করেন, বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয় কোনো অঘটন নয়, ‘আমি কখনও বলিনি বা ভাবিনি যে আমরা জিততে পারব না। আমি মনে করি আমরা ভালো খেলে সিরিজ জিতেছি।’
বিশ্বে সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড শীর্ষে থাকলেও ক্রিকেটীয় মাপকাঠিতে এ মুহূর্তে আসল সুখী যুক্তরাষ্ট্র! সেখানে বইছে খুশির জোয়ার। একদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম আয়োজক, অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস। খেরোখাতায় নবকাব্যের পর বিশ্বকাপে অঘটনের হুংকার দিয়ে রেখেছে দেশটি।
দ্বিতীয় ম্যাচের জয়ের নায়ক আলি খান বলেছেন, ‘আমরা ক্ষুধার্ত। বিশ্বকাপের জন্য মুখিয়ে। যুক্তরাষ্ট্র বিশ্বকাপে থাকবে অঘটন ঘটাতে। তবে বিশ্বকাপে ভিন্ন খেলা হবে। তারপরও আমরা অঘটন ঘটাতে চাই। এখনই ভারত-পাকিস্তান নিয়ে ভাবছি না। আপাতত পরের ম্যাচ (সিরিজের তৃতীয় ম্যাচ) নিয়ে ভাবছি। এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ আছে। গুরুত্বপূর্ণ ম্যাচ আছে কানাডার বিপক্ষে। তাদের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে চাই।’
৩.৩ ওভার বোলিং করে ২৫ রান খরচায় ৩ উইকেট তোলেন আলী। নির্বাচিত হন ম্যাচসেরা। নিজের প্রসঙ্গে বলেছেন, ‘তিন মাস পর খেললাম। বড় চোটে ভুগছিলাম। মাঝেমধ্যে আপনার ছন্দ ফিরে পেতে সময় লাগবে। আমার জন্য বিষয়টা ছিল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো করা। আমি সাধারণত অত রান দিই না। প্রথম ম্যাচে আমার মতো করে বল করতে পারিনি। সেখান থেকে যা শিখেছি তা এখানে প্রয়োগের চেষ্টা করেছি। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে চেষ্টা করেছি আরও উন্নতি করতে। এখানে শেখার অনেক কিছু রয়েছে। সামনে বিশ্বকাপ, হাতে খুব একটা সময় নেই। আমার আরও ছন্দ পেতে হবে। উন্নতি করতে হবে।’
সিরিজ জয়ের ব্যাপারে তার ভাষ্য, ‘এটা দারুণ। অনেক সময় বড় দলের সঙ্গে আমাদের জয়কে ফ্লুক মনে করা হয়। তবে টানা দুবার কাউকে হারানো, সিরিজ জেতা কখনও ফ্লুক নয়। এর মানে হলো, আমাদের প্রতিভা, স্কিল এবং সামর্থ্য আছে যদি আমরা সুযোগ পাই।’